Somoy TV
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ৪ মৌয়াল ভাসতে ভাসতে বন বিভাগের হলদেবুনিয়া ফরেস্ট স্টেশনে এসে জীবন বাঁচালেও এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪ জন।বন বিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার (৬ এপ্রিল) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে ৮ জন মৌয়ালের একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। ভাসতে ভাসতে পরের দিন সন্ধ্যার দিকে ৪ জন মৌয়াল সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌছায়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এ খবর পেয়ে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। উদ্ধার হওয়া জেলেরা হলেন: শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী। আরও পড়ুন: খুলনায় ঝড়ে নৌকা ডুবি, দুই জেলে নিখোঁজ নিখোঁজ ৪ মৌয়াল হলেন: শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আ. রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আইউব আলীর ছেলে ইকরামুল কবির। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনে মধু আহরণে যান। গত ৬ এপ্রিল রাতে তারা ঝড়ের কবলে পড়েন। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো চারজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ খবর পাওয়া মাত্রই সেখানে একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকেও জানানো হয়েছে। আরও পড়ুন: ভূমধ্যসাগরে নৌকাডুবি: অলৌকিকভাবে বাঁচলেন কিশোরগঞ্জের কাদির এদিকে, মৌয়ালদের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবারে শুরু হয়েছে আহাজারি। আর স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজদের দ্রুত উদ্ধারে তাদের পরিবারের পক্ষ থেকে বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।
Go to News Site