Somoy TV
বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে বাবরি মসজিদের আদলে পশ্চিমবঙ্গে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে আলোচনায় আসা ‘হুমায়ুন কবীরের একটি গোপন ভিডিও’ ফাঁস করেছে তৃণমূল কংগ্রেস।বৃহস্পতিবার (৯ এপ্রিল) কলকাতায় সংবাদ সম্মেলন করে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের ‘গোপন কথোপকথন’ ফাঁস করে তৃণমূল কংগ্রেস। ভিডিওতে তারিখ উল্লেখ আছে গত বছরের ১৯ ডিসেম্বর। ১৯ মিনিটের ওই ভিডিওতে বিজেপির সঙ্গে হুমায়ুনের ‘গোপন আঁতাত’-এর কথা উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে।খবরটি প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তারা ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি।পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার ভোটগ্রহণ হবে দুই দফায়। আগামী ২৩ ও ২৯ এপ্রিল বিধানসভার ২৯৪ আসনে জনগণ ভোট দেবেন। ভোটের মাত্র দুই সপ্তাহ আগে ভিডিওটি সামনে এলো।ভোটের অঙ্কে সে অর্থে ‘কেন্দ্রীয় চরিত্র’ না হলেও এই নির্বাচনে হুমায়ুন কবীরের দিকে নজর রাখছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল।একসময় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত হুমায়ুন কবীর সেই দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর তৃণমূল কংগ্রেসেও ছিলেন। অর্থাৎ কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল- তিনটি দলেই কোনো না কোনো সময় ছিলেন হুমায়ুন কবির।সম্প্রতি ‘আম জনতা উন্নয়ন পার্টি’ নামে নিজের দল গড়েছেন। বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাবরি মসজিদের অনুকরণে মুর্শিদাবাদে মসজিদ তৈরির ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে রাজনীতির মাঠে আবার শোরগোল ফেলে দেন তিনি।আসন্ন ভোটে আসাদউদ্দিন ওয়াইসির মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সঙ্গে জোট বাঁধে তার দল। কিন্তু তা শেষ পর্যন্ত টেকাতে পারেননি।মুর্শিদাবাদের নওদা এবং রেজিনগর থেকে নির্বাচন করছেন হুমায়ুন কবীর। এই অঞ্চলে তার প্রভাব রয়েছে। বিধানসভা নির্বাচনে এখানকার মুসলমান ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। মোট ১৮২টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল।বারবার দল বদল এবং বিতর্কিত মন্তব্যের জেরে বহুবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তার বিরুদ্ধে মুসলমান ভোট ‘কেটে’ বিজেপিকে ‘সুবিধা দেওয়ার‘ অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।কী আছে ফাঁস হওয়া ভিডিওতে?ভিডিওতে শুধু হুমায়ুন কবীরকেই দেখা যাচ্ছে। কিন্তু তিনি যাদের সঙ্গে কথা বলছেন তাদের দেখা যাচ্ছে না। ভিডিওর কথোপকথন থেকে বোঝা যাচ্ছে হুমায়ুনের সঙ্গে আরও দু’জন ছিলেন। তাদের মধ্যে একজনের সঙ্গেই কথা বলছিলেন তিনি। ভিডিওটির ট্রান্সক্রিপ্ট আনন্দবাজার পত্রিকার অনলাইনে প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী, নিচে কথোপকথনটি তুলে ধরা হলো-হুমায়ুন: আজকের দিনে যে বিষয়টা তুলেছি না বাবরি মসজিদে… সেটা হবে কি না হবে, তা পরের বিষয়। আজকের দিনে পুরো ভারতের মুসলিমেরা আমার সঙ্গে আছে।প্রশ্নকর্তা: স্যর, মুর্শিদাবাদের মুসলিমদের সমর্থন পাচ্ছেন? নাকি গোটা রাজ্যের?হুমায়ুন: পুরো রাজ্যের। পুরো রাজ্যের মুসলিমদের সমর্থন পাচ্ছি। দেখুন না, ৬ ডিসেম্বর শুক্রবার ছিল। তার পরের দিন ছিল শনিবার। তার ছ’দিন পর জুম্মার দিনে কাউকে ডাকিনি। নিজে থেকেই পুরো রাজ্যের ১ লক্ষ মুসলিম লোক চলে এলেন জু্ম্মার নমাজ পড়ার জন্য। ওদের ঘরে ঘরে ভাল মার্বেল দেওয়া মসজিদ আছে। সেই মসজিদ ছেড়ে এখানে চলে আসছে। এতটাই আবেগ। রাজ্যের তো আসছেই, পাশের ঝাড়খণ্ড, বিহার, অসম, ত্রিপুরারও কিছু লোক আসছে। ২ লক্ষ… নমাজ পড়ার জন্য। মসজিদের নির্মাণকাজ শুরু হয়নি। সেটা ফেব্রুয়ারি-মার্চে হবে শুরু। কিন্তু এতটাই আবেগ, আগের শুক্রবারও এক লক্ষ লোক এসেছিল। আজ আরও দ্বিগুণ হয়ে গেল।প্রশ্নকর্তা: ধরুন আপনাকে যদি এখানে তৃণমূলকে সরাতে হয় তাহলে আপনাকে দু’টি জিনিস করতে হবে। বিজেপির কাছে হিন্দু ভোট।হুমায়ুন: সেটা তো হয়েই যাবে। আমি যত মুসলিম লোককে আমার জন্য ভোট দেওয়ার আওয়াজ তুলছি। তো অটোমেটিক্যালি আপনার হিন্দু ভোট, আপনার কাছে যাবে। বিজেপির কাছে যাবে।প্রশ্নকর্তা: কিভাবে যাবে? হুমায়ুন: যে হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করছেন, তারা ভালভাবে জানেন ৯০-১০০ শতাংশ মুসলিম সমর্থন মমতার কাছে আছে। ওই মুসলিম ভোট সরে গেলে হিন্দুরা দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় আর ক্ষমতায় আসবেন না। তখন তাদের একটাই বিকল্প, যেটা বিজেপি। আমি সোজাসুজি বলছি, আমাকে ভোট দাও। ওখানে মুখ্যমন্ত্রী যে-ই হবেন, নির্ণায়ক ভূমিকা আমার হাতে থাকবে। আগামী দিনে যে মুখ্যমন্ত্রী হওয়ার হোন। হিন্দু হলে হবেন। আমার কোনও টার্গেট নেই মুখ্যমন্ত্রী হওয়ার। কিন্তু যে-ই হবেন, আমার কাছে ২৯৪টির মধ্যে ৮০-৯০টা সিট থাকলে, আগামী দিনে সেই মুখ্যমন্ত্রীকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যাজেন্ডা রাখব।প্রশ্নকর্তা: মানে বিজেপির থেকে মুখ্যমন্ত্রী হলে আপনি সমর্থন করবেন?হুমায়ুন: পুরো সাপোর্ট দেব। কোনও অসুবিধা নেই। আমি মমতাকে কোনোভাবেই আসতে দেব না।প্রশ্নকর্তা: ধরুন এমন একটা পরিস্থিতি হল যে, আপনার কাছে ৫০-৬০টি চলে এল। আর তৃণমূল এবং বিজেপির সমান সমান হয়ে গেল। ওই সময়ে যদি আপনি টিএমসি-কে সাপোর্ট করেন?হুমায়ুন: ওরা আমার সমর্থন পাওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু আমি সমর্থন দেব না। আমি বিজেপিকে দেব। কিন্তু আড়ালে যা যা এগ্রিমেন্ট করার করে নিন। কিন্তু আগে আপনার বিরুদ্ধেও বলব।প্রশ্নকর্তা: আপনি বিজেপির বিরুদ্ধে বলবেন?হুমায়ুন: বলতে হবে। না হলে তো এই ভোট আমার কাছে আসবে না। তা হলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেবে। আমি যতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলব, ততটাই বিজেপির বিরুদ্ধে বলব। বিরোধী দলনেতার সঙ্গে আমার কথা হয়েছে। উনি বললেন… (এর পরে কিছু অস্পষ্ট কথা)প্রশ্নকর্তা: শুভেন্দু অধিকারীর সঙ্গে?হুমায়ুন: হ্যাঁ। শুভেন্দু অধিকারী আমাকে বললেন যে, আপনি দিল্লি যাবেন ২২ তারিখের পর। আমিও যাব। ওখানে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলিয়ে দেব। তার পরে মোহন যাদবজি আছেন না, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, উনি আমার সঙ্গে যোগাযোগ রাখেন। যখন পিএমওর সঙ্গে আমার কথা হল, ওরা বলল আপনার সঙ্গে কানেকশন রাখার জন্য।প্রশ্নকর্তা: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও আপনার সঙ্গে যোগাযোগ রাখেন?হুমায়ুন: হ্যাঁ। সিএম ডিরেক্ট আমার সঙ্গে (হুমায়ুন কী বলছেন, তা কিছুটা অস্পষ্ট)।প্রশ্নকর্তা: আমরা মনে করছিলাম আসামের মুখ্যমন্ত্রী (পরবর্তী কিছু কথা অস্পষ্ট)।হুমায়ুন: আসামকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে পিএমও অসমকে জুড়ে রেখেছিল, কিন্তু ডিরেক্ট মোহন যাদবজিকে আমার সঙ্গে কথা বলার জন্য (পরবর্তী কথা অস্পষ্ট)। দু’জনেই আমার সঙ্গে যোগাযোগে আছেন। আপনারা ১০০-১১০ বা ১২০ পর্যন্ত যেতে পারেন। কিন্তু আপনারা ১৪৮টা পাবেন না। শুভেন্দু অধিকারীজি… তাকে আমি বলেছি। তিনি বলেন, ঠিক আছে। মোহনজি আমাকে বলেছেন, আপনি ৭০-৮০ যতই সিট পান, সরাসরি আপনাকে ডেপুটি দিয়ে দেব।প্রশ্নকর্তা: ডেপুটি সিএম? তবে তো দারুণ।হুমায়ুন: হ্যাঁ। দারুণ। প্রশ্নকর্তা: সে তো ঠিক আছে। আমরা বলছি, এই মুসলিমদের তো আপনাকে বিপথে চালিত করতে হবে।হুমায়ুন: হ্যাঁ।প্রশ্নকর্তা: এক পর্যায়ে গিয়ে বোকাও বানাতে হবে।হুমায়ুন: বানাতে হবে।প্রশ্নকর্তা: আপনি ওদের বোকা না বানালে ওরা….হুমায়ুন: ওদের কাছে যাবে।প্রশ্নকর্তা: ওদের কাছে চলে যাবে। তা হলে আপনার পলিসি কী? মানে…হুমায়ুন: পলিসি এটাই। আমি ওনাকেও বলেছি (তৃতীয় জনকে দেখিয়ে)। শুভেন্দুজিকেও বলেছি। আমার টাকা দরকার। মুসলিমদের এককাট্টা করার জন্য, ভোটে তাদের আমাদের দিকে আনার জন্য এক একটা সিটে ৩-৪ কোটি খরচ হবে। টিএমসি, যারা ক্ষমতায় আছে, ওরা বেশি টাকা দেয় না। কিন্তু আজকের দিনে যে নতুন নতুন মুসলিম প্রার্থীদের দাঁড় করাব, তারা সকলেই শিক্ষিত হবে। স্বচ্ছ ভাবমূর্তির হবে। কিন্তু আমার টাকা দরকার।প্রশ্নকর্তা: আপনার লক্ষ্যপূরণ করার জন্য মোট কত টাকা লাগবে?হুমায়ুন: ১০০০ পেলে পুরো লক্ষ্য পূরণ হবে।প্রশ্নকর্তা: মানে ১০০০ কোটি?হুমায়ুন: হ্যাঁ।প্রশ্নকর্তা: তো এই সব কিভাবে হবে? আপনার কী প্ল্যানিং আছে? মুসলিম ভোটকে কিভাবে ভাঙবেন এই টাকায়?হুমায়ুন: কিছু কিছু জায়গায়… (অস্পষ্ট কথা)। আমার বিরুদ্ধে যারা ভোটে লড়েছে, আপনার দলে কেউ প্রার্থী ছিলেন। তো প্রার্থীর কাছে বেশি টাকা দেওয়া হত। কিন্তু সেই টাকা নিচুতলায় পৌঁছায়নি। কিন্তু আমার এত নিচুতলার লোক আছে, তাদের ঘরে ঘরে পয়সা পৌঁছে গেলে, কেউ বেইমানি করবে না।প্রশ্নকর্তা: পয়সা সংখ্যালঘু বলয়ে এসে গেলে, আপনার যত মুসলিম ভোটার আছে…হুমায়ুন: আমার যে বিকল্প থাকবে— আমি যে ১০০০ কোটি টাকা চাইছি, তাতে আমি ৩০০ কোটি টাকা আগে থেকে, বিহারের নীতীশ কুমার যে ফর্মুলায় করেছেন— এক এক হাজার করে, এক বছরে ১২ হাজার। উনি পরিবারপিছু ১০ হাজার করে দিলেন। তো পুরো ভোট আপনার কাছে চলে গেল। কী হল?প্রশ্নকর্তা: তার মানে আপনি বলছেন, এ ভাবেই আপনি ওদের বোকা বানাবেন (ঘাড় নাড়েন হুমায়ুন)। কিন্তু এ ভাবে কি বোকা হবে?হুমায়ুন: নিশ্চয়ই হবে। (প্রশ্নকর্তা কিছু কথা বলেন, যা স্পষ্ট ভাবে শোনা যায়নি)। আমি আপনাদের বেশি বলব না। আজকের দিনে একটা ভরসা দিচ্ছি— আমাকে যখন ১০০০ দেবেন, আপনাদের পুরো ফায়দা হবে। এটা আমি এগ্রিমেন্ট করে দিয়ে দেব। আমার সিট তো ৭০-৮০ হবে। আপনারা ১০০-১২০ পৌঁছে যাবেন। তা হলে মমতা বন্দ্যোপাধ্যায় ১০০-র নিচে আসবেন। আমি সোজাসুজি ভোটের পর লোককে বোঝাব। কেন্দ্রে বিজেপি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন বারের শাসনে মুসলিমদের জন্য কোনও উন্নয়ন হয়নি। পশ্চিমবঙ্গের কোনও উন্নয়ন হয়নি। (অস্পষ্ট কিছু কথা) ১০০ দিনের কাজের টাকাও এখনও ঠিকঠাক আসেনি। সব মুসলিম আমার উপর পূর্ণ ভরসা রাখেন, এটা বলে দিচ্ছি।প্রশ্নকর্তা: নিচুতলার মুসলিমেরা যদি তখন আপনাকে বলেন, আপনারা এখানে বাবরি মসজিদ বানাচ্ছেন, ওখানে তো বিজেপিই আমাদের বাবরি মসজিদ ভেঙেছিল। তা হলে আমরা ওদের কেন সাপোর্ট করব? তখন আপনি ওদের কী ভাবে বোঝাবেন?হুমায়ুন: আমি তো প্রথম থেকেই বলছি। আমি ভোটে একটি বিষয় তুলেছি, যে আজকের দিনে ডিরেক্ট টিএমসিকে ১৫০ আসনে আনলেও বাবরি মসজিদ হতে দেবে না। বিজেপিও ১৫০ আসন পেয়ে গেলে, ডিরেক্ট মেজরিটি পেয়ে গেলে বাবরি মসজিদ হতে দেবে না। সেই জন্য আমি বলছি ২৯৪-র মধ্যে আমাকে ১০০ দাও। বিজেপি ১০০ পাক। টিএমসি ৯৪ পাক। তাহলে সিএম যে-ই হোন, আমার নির্ণায়ক ভূমিকা থাকবে।প্রশ্নকর্তা: তা হলে আপনি যদি ৭০-৮০টা সিট পেয়ে যান, তবে বিজেপির থেকে… (অসম্পূর্ণ)হুমায়ুন: সে তো যেই মুখ্যমন্ত্রী হোন, আমার সাপোর্ট চাই।প্রশ্নকর্তা: আমি সেটাই বলছি। ধরুন টিএমসি-ও ১৫০-র আশপাশে সিট পেল। ওরাও পেয়ে গেল। আপনার সাপোর্ট কোন দিকে থাকবে? যদি টিএমসি-র দিকে চলে যায় তবে?হুমায়ুন: আপনাকে সাপোর্ট করায় কোনও অসুবিধা থাকত, তাহলে আজ আমি আপনার সঙ্গে বসতে চাইতাম না। আপনার কাছ থেকে কোনও পয়সাও নিতে চাইতাম না। আমার ৬২ বছর বয়স। আমি কোনও দিন কোনও দুর্নীতির মধ্যে জড়াইনি।প্রশ্নকর্তা: তাহলে দাদা আমরা ‘কনফার্মেশন’-এ এসে যাচ্ছি। আমরা তা হলে আত্মবিশ্বাসের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি, আপনার এই পরিমাণ টাকা লাগবে। যদি আপনি এই টাকা পেয়ে যান, তা হলে আগামীতে আপনি ৫০-৬০ ভোট… সিট জিতে আনবেন।হুমায়ুন: আমার একসঙ্গে লাগবে না। দফায় দফায় চাই। বাবরি মসজিদের যে লিম রাখি, সে দিনই আমার ৮২ লক্ষ খরচ হয়ে গেছে। ওই সময় তো টাকাও ছিল না। আমার নিজের ব্যবসা থেকে টাকা দিয়ে করেছি। আজকের দিনে ৬-৭ কোটি এসে গিয়েছে… এ ভাবেই চলছে। আমি আপনাদের এটাই বলব, যত দ্রুত সম্ভব ২০০ কোটি টাকা দিন। আমার সঙ্গে দিল্লির কাউকে কনফিডেন্সে নিতে হলে… (এর পরে হুমায়ুনের কিছু অস্পষ্ট কথা)। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার ফেসটাইমে কথা হচ্ছে।প্রশ্নকর্তা: ফেসটাইমে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়?হুমায়ুন: আপনি জিজ্ঞেস করলে জানতে পারবেন।প্রশ্নকর্তা: আমি বলছি, এই যে তহবিল আপনার কাছে আসবে, সেটি কি আপনি শুভেন্দু অধিকারীর মারফত নিতে চান? না কি ডাইরেক্ট? হুমায়ুন: না না, ডাইরেক্ট করা উচিত। শুভেন্দু অধিকারী আমাকে জানান, আমাকে দিল্লি নিয়ে যাওয়া হবে। বাংলার ভোটের যে… (পরের অংশ শোনা যায়নি)। মোহন যাদবজি আমাকে জানান, তার সঙ্গে পিএমও-র সরাসরি যোগাযোগ রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাজি উনিও তার সঙ্গে আছেন। পিএমও আমার সঙ্গে যোগাযোগ রাখার জন্য ডাইরেক্ট বলেছে। উনি বললেন, নয়াদিল্লিতে মধ্যপ্রদেশ ভবনে আমাকে ডাকা হয়েছিল। কিন্তু তার সঙ্গে আমার পয়সা নিয়ে কথা হয়নি।প্রশ্নকর্তা: তাহলে আপনি একটা কাজ করবেন। যেখানেই আপনার কাছে পয়সার বিষয়ে প্রশ্ন করা হবে, এই রাশিটাই বলবেন।হুমায়ুন: হ্যাঁ। না হলে তো আপনাদের ইমেজ খারাপ হবে।প্রশ্নকর্তা: আর দাদা, এখানে যা যা আসন আছে, সব আসনে তো মুসলিম ভোটার একরকম নয়। কোথাও ১০ শতাংশ, কোথাও ৫০ শতাংশ, কোথাও ৮০ শতাংশ।হুমায়ুন: ওটাও আপনাদের কাজে আসবে। কোথাও ২০ শতাংশ হলে আমি সদস্য দাঁড় করাব না। ওটা তো ৮০ শতাংশ হিন্দু সংখ্যাগরিষ্ঠতার সিট। ওটাও আপনাদেরই সুবিধা হবে। আমি যে ১৩৫-১৪৫ সিটে লড়ব, আমার পক্ষে যে ভোট আসবে…. (এর পরে কিছু কথা অস্পষ্ট)। ওতে তো সুবিধা বিজেপিরই হবে।প্রশ্নকর্তা: আপনি আমাদের সাপোর্ট করবেন তো?হুমায়ুন: আমি তো বললাম আপনি আমাদের সাহায্য করলে, আপনি যেখানে যে নেতার সঙ্গে বসতে বলবেন… (কথা অসম্পূর্ণ)। কিন্তু এটা গোপন থাকতে হবে। ভোটের সময় তো। এটা হলে আমার খারাপ হবে।প্রশ্নকর্তা: এটা হলে তো আপনার কাছ থেকে মুসলিম ভোট বেরিয়ে যাবে।হুমায়ুন: বেরিয়ে যাবে। ওরা বলবে আমি ব্যক্তিগত স্বার্থে এসব করেছি (কিছু অস্পষ্ট কথা)। কিন্তু আমার সঙ্গে আপনাদের এগ্রিমেন্ট হবে। সই করব। মুখ্যমন্ত্রী আপনার হবে। আমার খোলাখুলি সমর্থন থাকবে। কিন্তু আমার তো কিছু দফতর চাই। তো আমার কী অসুবিধা আছে! কোনও অসুবিধা নেই।প্রশ্নকর্তা: তার মানে ভোট পর্যন্ত এখানে আপনি ভিতরে ভিতরে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখতে চান। কিন্তু প্রকাশ্যে কুকথাও বলতে চান।হুমায়ুন: ওটা তো কথা বলেই রেখেছি। উনিও তো আমার বিপক্ষে বলছেন। কাল, পরশু বলেছেন। উনি বলেছেন, আমাদের ১৫০ পর্যন্ত পৌঁছোতে দিন। আমি মুখ্যমন্ত্রী হলে বাবরি মসজিদ বানাতে দেব না।প্রশ্নকর্তা: মুসলিমেরা আসলে খুব সাদাসিধে হন। ওদের বোকা বানানো খুব সহজ হয়ে যায়।হুমায়ুন: হ্যাঁ, খুব সহজ। আজকের দিনে ১০০ মুসলিমের মধ্যে ৮০ জনকে আমার বিরুদ্ধে কিছু বলে দেখুন।প্রশ্নকর্তা: আপনি ওদের আবেগকে ধরে নিয়েছেন। বাবরি মসজিদের আবেগকে আপনি পুরো ধরে নিয়েছেন।হুমায়ুন: আমি তো সেই জন্যই জেনেবুঝে… অনেকে বলছেন, অন্য কোনও নাম রাখুন। কিন্তু অন্য নাম করলে এই আবেগটা ভেঙে যাবে।প্রশ্নকর্তা: ধরুন কোনও কারণে বাবরি মসজিদ হলো না। তা হলে আগামী দিনে কী হতে পারে?হুমায়ুন: সত্যিটা হল, ফেব্রুয়ারিতে আমরা শুরু করে দেব। শুরু হওয়ার পর ৫ শতাংশ কাজ হতে হতে ভোট এসে যাবে। ভোট শেষ হলে কাজ শুরু হবে। এমন একটা সরকার আসবে, যার উপর আমার নির্ণায়ক ভূমিকা থাকবে। তাদের বুঝিয়ে আমি বানিয়ে নেব। কেউ কোর্টে গিয়ে আটকে দিলে, কিছু করে আটকে দিলে, আমার উপর কারও রাগ হবে না। ওরা বলবে, ও তো চেষ্টা করেছেন।প্রশ্নকর্তা: এমনও তো হতে পারে, ৫ শতাংশ কাজ করে আপনার ভোট হয়ে গেল (এর পরের কথা অস্পষ্ট)।হুমায়ুন: কেউ মামলা করে আটকে দিলে আমি কী করতে পারি!প্রশ্নকর্তা: আপনি পুরো ‘পলিটিক্যাল’ দাদা।হুমায়ুন: এটা তো আমার ভোটের সুবিধা। আমার মাথা এইরকমই। ৬২ বছর বয়স। ৪৩ বছর রাজনীতিতে আছি।তৃণমূল কংগ্রেস কী বলছে?বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘‘ভয়ঙ্কর বিষয় সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিপুল ভোটে জিতছেন বলে মানুষ নিশ্চিত, বাংলা নিশ্চিত, বিজেপি নিশ্চিত। সে জন্য কত ভাবে ভোটে কারচুপি বিজেপি চালিয়ে যাচ্ছে, তার উদাহরণ এই ভিডিও। বিজেপি ‘বি’ টিম, ‘সি’ টিম তৈরি করছে ভোট ভাগের জন্য। মুসলিমদের ভোট ভাগের জন্য হুমায়ুন কবীরের মতো লোককে ব্যবহার করছে।’’এসময় উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমও। তিনি বলেন ‘‘এই ঘটনা লজ্জার। ভিডিওতে দেখা গেছে, ধর্মীয় আবেগ নিয়ে ভোট কেনাবেচা যায়! বিজেপি যখন এসআইআর করেও বাংলাকে আটকাতে পারছে না, তাই এখন পিছনে দাঁড়িয়ে ধর্মীয় আবেগকে সুড়সুড়ি দিচ্ছে। একজন নেতা, যিনি পাল্টিবাজ, তাকে ধরে এবং হায়দ্রাবাদের এক নেতাকে ধরে নোংরা খেলা খেলছে। মুসলিমদের ধর্মাবেগ নিয়ে যে খেলা চলছে, তার তীব্র নিন্দা করি।’’ আরও পড়ুন: পশ্চিমবঙ্গে সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে: মোদি ফিরহাদ বলেন, ‘‘ভিডিও শুনলেন! কিভাবে ইসলাম ধর্মকে বিক্রি করছে এই কুলাঙ্গার। মসজিদের নামে ভাবাবেগ সওদা করছে। হাজার কোটি টাকা চাইছে, ৩০০ কোটি টাকা আগাম চাইছে। আমরা যারা মুসলিম সমাজের মানুষ, আমরা কি বুদ্ধিহীন, যে আমাদের ধর্মীয় আবেগ বিক্রি করে দেবে, তার পরেও আমরা চুপ করে থাকব? আমার এই প্রশ্ন মুসলিম সমাজের কাছে রইল। এই মানুষটিকে ধিক্কার জানাব।’’ফিরহাদ যোগ করেন, ‘‘আমি ওকে (হুমায়ুন) চিনি বলেই এখানে বসে সাসপেন্ড করেছিলাম। যারা এখনও ওর সঙ্গে আছেন, চিনুন ওকে। ছিঃ!’’ভিডিওর বিষয়ে কী বলছেন হুমায়ুন কবীর?আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটির বিষয়ে হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, এআই দিয়ে ভিডিওটি বানানো হয়েছে।তিনি বলেন, ‘‘সরাসরি রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতীক জৈন, কুণাল ঘোষ, ববি হাকিমেরা সব প্ল্যান করে এটা করছে। প্রমাণ দিক। ১০০০ কোটি তো দূরের কথা, ১ কোটি টাকারও ডিল হয়েছে— এমন প্রমাণ যদি দেখাতে পারে, তা হলে রাজ্যের মানুষ যা বলবে, আমি সমস্ত নির্বাচন থেকে সরে দাঁড়াব।”ভিডিওর সত্যতা প্রমাণ করতে না পারলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক, কুণাল ঘোষ, ববি হাকিমের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করারও হুমকি দেন হুমায়ুন।তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিন বার মুখ্যমন্ত্রী হয়েছেন মুসলিমদের ভোটে। এ বার আর মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন না। সেই কারণে এআই দিয়ে আমাকে বদনাম করার জন্য ভিডিও করা হয়েছে।” জোট ছাড়ল মিম ভিডিও সামনে আসার পরপরই হুমায়ুন কবীরের সঙ্গে জোট ছেড়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একাই লড়ার ঘোষণা দিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে সমাজিকমাধ্যমে পোস্ট করে তার দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম) জানিয়ে দেয়, তারা একক ভাবেই লড়াই করবে।শুক্রবার মিম-এর পক্ষ থেকে দেয়া পোস্টে বলা হয়, “মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে, এমন কোনও বিবৃতির সঙ্গে নিজেদের জড়াতে চায় না মিম। আজ থেকে মিম হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট ভেঙে দিচ্ছে।”জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণ স্পষ্টভাবে জানায়নি ওয়াইসির দল মিম। তবে মনে করা হচ্ছে, হুমায়ুনের ‘গোপন’ ভিডিও সামনে আসার কারণেই তার সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছে তারা। মিমের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে আরও লেখা হয়েছে, “বাংলার মুসলিমেরা অন্যতম দরিদ্র, অবহেলিত এবং শোষিত সম্প্রদায়। বহু দশকের ধর্মনিরপেক্ষ শাসনেও তাদের জন্য কিছু করা হয়নি। প্রান্তিক গোষ্ঠীকে স্বাধীন রাজনৈতিক কণ্ঠ পাইয়ে দিতে আমরা কোনও রাজ্যে নির্বাচনে লড়ে থাকি। আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনে এককভাবে লড়ব এবং কোনও দলের সঙ্গে জোট করব না।”
Go to News Site