Collector
কমদামের এসইউভি আনতে যাচ্ছে টেসলা | Collector
কমদামের এসইউভি আনতে যাচ্ছে টেসলা
Jagonews24

কমদামের এসইউভি আনতে যাচ্ছে টেসলা

টেসলা মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের মধ্যে অন্যতম একটি কোম্পানি। তারা নতুন একটি ছোট ও কমদামের এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) তৈরির কাজ করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই গাড়িটি হবে সম্পূর্ণ নতুন মডেল, যা বিদ্যমান টেসলা মডেল থ্রি বা টেসলা মডেল ওয়াইয়ের কোনো ভ্যারিয়েন্ট নয়। প্রতিবেদন অনুযায়ী, নতুন এসইউভিটির দৈর্ঘ্য হবে প্রায় ১৪ ফুট, যা মডেল ওয়াইয়ের (১৫.৭ ফুট) তুলনায় ছোট। একই সঙ্গে এটি বর্তমানের সবচেয়ে সাশ্রয়ী টেসলা গাড়ি মডেল ৩-এর তুলনায়ও উল্লেখযোগ্যভাবে কম দামে বাজারে আনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে মডেল ৩-এর প্রারম্ভিক মূল্য প্রায় ৩৭ হাজার ডলার। নতুন গাড়িটি চীনে উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে ছোট ব্যাটারি এবং একক মোটর ব্যবহার করা হতে পারে, যা গাড়িটিকে তুলনামূলক হালকা করবে। তবে ছোট ব্যাটারির কারণে গাড়িটির একবার চার্জে চলার পরিসীমা (রেঞ্জ) বিদ্যমান মডেলগুলোর তুলনায় কম হতে পারে। তবে নতুন এই এসইউভি কবে বাজারে আসবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পটি এখনও প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে, ফলে শেষ পর্যন্ত এটি বাজারে নাও আসতে পারে। টেসলা ২০০৩ সালে প্রতিষ্ঠিত একটি মার্কিন বৈদ্যুতিক গাড়ি প্রতিষ্ঠান। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি টেসলা সৌরশক্তি ও ব্যাটারি প্রযুক্তি নিয়েও কাজ করে এবং বিশ্বব্যাপী টেকসই জ্বালানির ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে অবস্থিত। টেসলা বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা হিসেবে পরিচিত। কোম্পানিটি ‘অটোপাইলট’ ও ‘ফুল সেলফ-ড্রাইভিং’ প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে স্বয়ংচালিত গাড়ির ক্ষেত্রেও কাজ করছে। টেসলার জনপ্রিয় মডেলগুলোর মধ্যে রয়েছে মডেল ৩, মডেল ওয়াই, মডেল এস এবং মডেল এক্স। এছাড়া প্রতিষ্ঠানটি ‘গিগাফ্যাক্টরি’ নামে পরিচিত বড় আকারের উৎপাদন কারখানার মাধ্যমে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপে গাড়ি ও ব্যাটারি উৎপাদন করে। বৈদ্যুতিক যানবাহনের পাশাপাশি টেসলা ‘পাওয়ারওয়াল’ ও ‘পাওয়ারপ্যাক’-এর মতো শক্তি সংরক্ষণ পণ্য এবং সোলার প্যানেল ও সোলার রুফ প্রযুক্তিও বাজারজাত করছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স খাতেও প্রতিষ্ঠানটির বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সূত্র: ম্যাশেবল আরও পড়ুনজ্বালানি তেলের সংকট, যেসব গাড়ি কমাতে পারে খরচবিপদ এড়াতে পেট্রোল-ডিজেল ভরার সময় ৫ বিষয়ে খেয়াল রাখবেন শাহজালাল/কেএসকে

Go to News Site