Somoy TV
হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩১ জন শিশু।শুক্রবার (১০ এপ্রিল) সকালে শেবাচিম হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। মৃতরা হলো বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর এলাকার বাসিন্দা রাজিবের দুই বছর বয়সি কন্যা সাদিয়া এবং জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের হাবিবুর রহমানের ৯ মাস বয়সি শিশুপুত্র রাকিব। নতুন এই দুজনসহ বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা ১৪ জনে পৌঁছাল। আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ বর্তমানে শেবাচিম হাসপাতালে হাম সংক্রমণের উপসর্গ নিয়ে মোট ৯২ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ২৮ জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি শেবাচিম হাসপাতাল থেকে হামের উপসর্গ নিয়ে মোট ৩৪১ জন চিকিৎসা নিয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘হামের উপসর্গ নিয়ে সাম্প্রতিক মৃত্যুগুলো অত্যন্ত দুঃখজনক। মৃত শিশুদের অধিকাংশেরই নিয়মিত টিকাদান সম্পন্ন ছিল না অথবা তারা অপুষ্টিজনিত সমস্যায় ভুগছিল। আমরা প্রতিটি মৃত্যুর কারণ গুরুত্বের সাথে খতিয়ে দেখছি এবং সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা কার্যক্রমে জোর দেয়া হচ্ছে।’
Go to News Site