Collector
গলায় ট্যাবলেট আটকে দেড় বছরের শিশুর মৃত্যু | Collector
গলায় ট্যাবলেট আটকে দেড় বছরের শিশুর মৃত্যু
Somoy TV

গলায় ট্যাবলেট আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় গলায় ওষুধ আটকে জান্নাতুল নামের দেড় বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ডায়রিয়ার চিকিৎসায় তাকে একটি শক্ত ট্যাবলেট খাওয়াতে গেলে সেটি গলায় আটকে শ্বাসরোধ হয়ে শিশুটির মৃত্যু হয়।নিহত শিশু জান্নাতুল চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর গ্রামের বাসিন্দা জালালের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ডায়রিয়ায় ভুগছিল শিশুটি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে স্থানীয় একটি ফার্মেসি থেকে তার জন্য ‘মেট্রিল’ নামের একটি ট্যাবলেট কিনে এনে খাওয়ানো হয়। ওষুধটি খাওয়ানোর পরপরই বিপত্তি ঘটে।  ট্যাবলেটটি শিশুটির গলায় আটকে যায় এবং মুহূর্তেই তার শ্বাস বন্ধ হয়ে যায়। পরিস্থিতির দ্রুত অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। কিন্তু পথিমধ্যেই শিশুটির মৃত্যু হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহরাব হোসেন জানান, জরুরি বিভাগে শিশুটিকে তিনি মৃত অবস্থায় পেয়েছেন। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। তিনি বলেন, ‘ছোট শিশুদের শক্ত ট্যাবলেট খাওয়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিভাবকদের সামান্য অসচেতনতার কারণেই এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে।’

Go to News Site