Collector
নওগাঁয় দুর্বৃত্তের দেয়া বিষে মরলো ১৫০০ পেপে গাছ | Collector
নওগাঁয় দুর্বৃত্তের দেয়া বিষে মরলো ১৫০০ পেপে গাছ
Somoy TV

নওগাঁয় দুর্বৃত্তের দেয়া বিষে মরলো ১৫০০ পেপে গাছ

দীর্ঘ ছয় বছরের হাড়ভাঙা খাটুনি আর তিলে তিলে গড়া এক তরুণ উদ্যোক্তার স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জেরে বাগানে বিষ প্রয়োগ করে প্রায় এক হাজার ৫০০ ফলন্ত পেঁপে গাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে ওই উদ্যোক্তার প্রায় ৬ লাখ টাকার বিনিয়োগসহ কয়েক বছরের শ্রম এখন লোকসানের মুখে।নওগাঁ শহরের চকপ্রসাদ এলাকার তরুণ উদ্যোক্তা সেলিম আহম্মেদ প্রায় ৬ বছর আগে ৫ বিঘা জমিতে একটি পেঁপে বাগান গড়ে তোলেন। চলতি মৌসুমে বাগানটিতে বাম্পার ফলন হয়েছিল। প্রতিটি গাছ ফলে ভরপুর ছিল, যা থেকে বড় অঙ্কের আয়ের স্বপ্ন দেখছিলেন সেলিম। কিন্তু গত সোমবার (৬ এপ্রিল) রাতের অন্ধকারে প্রতিহিংসামূলক এক ঘটনায় সেই স্বপ্ন বিষাদময় হয়ে ওঠে। জানা গেছে, বাগানটি দেখাশোনার জন্য সেলিম আহম্মেদ হাসান নামের এক ব্যক্তিকে কেয়ারটেকার হিসেবে নিয়োগ দিয়েছিলেন। দীর্ঘদিন কর্মরত থাকার সুযোগে হাসান সম্প্রতি বাগানের অর্ধেক মালিকানা দাবি করে আসছিলেন। এই অন্যায্য দাবি নিয়ে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, এই বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে হাসান রাতে সুকৌশলে বাগানের গাছগুলোতে ক্ষতিকর বিষ প্রয়োগ করেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত হাসান পলাতক থাকায় তার কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি। আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন বিষ প্রয়োগের পরদিন থেকেই সতেজ পেঁপে গাছগুলো মরে যেতে শুরু করে। বর্তমানে বাগানের প্রায় এক হাজার ৫০০টি গাছ নিস্তেজ হয়ে পড়েছে। সেলিম আহম্মেদ বলেন, ‘আমি এই বাগানে প্রায় ৬ লাখ টাকা বিনিয়োগ করেছি। কয়েক বছরের শ্রম আর তিলে তিলে গড়া স্বপ্নগুলো চোখের সামনে শেষ হয়ে গেল। মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু অবলা গাছের ওপর এমন নৃশংসতা মেনে নেয়া যায় না।’ এ ঘটনায় ভুক্তভোগী সেলিম আহম্মেদ বাদী হয়ে হাসানকে অভিযুক্ত করে নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন পুলিশের এই কর্মকর্তা।

Go to News Site