Collector
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ ২৪ অবৈধ অভিবাসী আটক | Collector
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ ২৪ অবৈধ অভিবাসী আটক
Somoy TV

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ ২৪ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিবাসন বিভাগের এক অভিযানে ৮ বাংলাদেশিসহ ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জোহর অভিবাসন বিভাগ।বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার রাতে জোহর রাজ্যের বাতু পাহাত এলাকার ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, রাত ৮টা থেকে শুরু হওয়া এই অভিযানে বাতু পাহাত এনফোর্সমেন্ট শাখার একদল কর্মকর্তা অংশ নেন। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান জেনেশুনে অবৈধ কর্মীদের নিয়োগ দিচ্ছে তাদের লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালানো স্থানগুলোর মধ্যে ছিল খাবারের দোকান, টায়ারের দোকান এবং দুটি আবাসিক ভবন। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ‘অপারেশন’ পরিচালনা করা হয়েছে। মূলত যেসব মালিক বা প্রতিষ্ঠান এখনো অবৈধ অভিবাসীদের কাজ দিয়ে আইন লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়াই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। প্রাথমিক তল্লাশিতে আটকরা বৈধ কোনো নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে আটক করা হয়।  আরও পড়ুন: মুক্তিপণের দাবিতে স্বদেশিকে অপহরণ, মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন আটকদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন। পুরুষদের মধ্যে ৭ জন বাংলাদেশি, ৩ জন মিয়ানমার, ২ জন নেপালের এবং ২ জন ইন্দোনেশিয়ার নাগরিক। অন্যদিকে নারীদের মধ্যে মিয়ানমারের ৫ জন, কম্বোডিয়ার ২ জন এবং বাংলাদেশ, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার একজন করে নাগরিক রয়েছেন। আটক হওয়া এই ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। তারা সবাই মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে দেশটিতে অবস্থান ও কাজ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। আটকদের পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য জোহর বাহরুর সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। অভিযানের সময় তদন্তে সহায়তার জন্য ছয়জন সাক্ষীকে উপস্থিত হওয়ার সমন (বোরং ২৯) দেয়া হয়েছে। মোহাম্মদ রুশদি সতর্ক করে বলেন, যারা অবৈধভাবে দেশটিতে অবস্থান করছে বা ভিসার শর্ত লঙ্ঘন করছে, তাদের পাশাপাশি যারা এই অভিবাসীদের আশ্রয় দিচ্ছে বা নিয়োগ দিচ্ছে সেই সব নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কোনো আপস ছাড়াই কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

Go to News Site