Somoy TV
রাজশাহীর মোহনপুরে বাড়ি পৌঁছে না দেয়ার জেরে এক যাত্রীর ইটের আঘাতে আলমগীর মন্ডল (৫৩) নামের এক চার্জার ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আলমগীর মন্ডল ওই গ্রামের আশরাফ মন্ডলের ছেলে। অন্যদিকে অভিযুক্ত যাত্রী মজিবুর রহমান (৫০) একই গ্রামের মৃত পিয়ার মন্ডলের ছেলে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, সকালে মজিবুর রহমান চার্জার ভ্যানচালক আলমগীরকে তার বাড়িতে পৌঁছে দিতে বলেন। কিন্তু আলমগীর রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মজিবুর রহমান ইট দিয়ে আলমগীরের মাথায় সজোরে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: রাজশাহীতে শিলাবৃষ্টিতে আম ও ফসলের ক্ষতি এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত মজিবুরকে বেলগাছি পাঠাগারে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। পরে পরিস্থিতি শান্ত করে পুলিশ মজিবুরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন আরও জানান, এ ঘটনার পর এলাকার পরিস্থিতি শান্ত রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Go to News Site