Somoy TV
রাঙ্গামাটির বাঘাইছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি চাইনিজ পিস্তল, ৭.৬২ তাজা গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।বৃহস্পতিবার (৯ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, রাতে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান সীমান্ত দিয়ে বাঘাইছড়িতে প্রবেশ করতে পারে। সেই চালানটি আটকের জন্য দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান নেয় বিজিবি। আনুমানিক রাত ১২টার পর ৩-৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে জীপতলী ব্রিজ এলাকায় আসতে দেখে বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তিরা দ্রুত পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আরও পড়ুন: নানা আয়োজনে রাঙ্গামাটিতে পালিত হচ্ছে বৈসাবি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামাদির মধ্যে রয়েছে একটি চাইনিজ পিস্তল, ৯ পিস ৭.৬২ তাজা গুলি ও খোসা, একটি দেশীয় একনলা বন্দুক, ৭টি খালি খোসা, ২টি বড় ও ৩টি ছোট চাইনিজ চাপাতি, ২টি দেশীয় হাঁসুয়া, ১টি হাতুড়ি, ১টি গুলতি এবং ১৩টি মার্বেল। এ ব্যাপারে বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘এই চোরাচালানের সাথে জড়িত গডফাদার ও যারা জড়িত তাদের খোঁজার চেষ্টা করছি। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে।’ তিনি আরও জানান, মারিশ্যা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুষ্কৃতিকারীরা অভিনব কৌশল অবলম্বন করায় বিজিবির গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Go to News Site