Somoy TV
মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন বিষয়ে এক অত্যন্ত ফলপ্রসূ ও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুত্রজায়ায় বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রামানান রামাকৃষ্ণান নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে উভয় দেশ নিরাপদ, নিয়মিত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বৈঠকের অন্যতম প্রধান সিদ্ধান্ত হিসেবে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত পুনরায় খুলে দেয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। মালয়েশিয়ার বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী নিয়োগের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আরও পড়ুন: যৌথ বিবৃতি / শ্রমবাজার খোলার বিষয়ে সুখবর দিলো মালয়েশিয়া বিশেষ করে, আগে ঝুলে থাকা বা আটকে পড়া বাংলাদেশি কর্মীদের দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। শ্রমিকদের ওপর থেকে খরচের বোঝা কমাতে মালয়েশিয়া সরকার একটি অত্যাধুনিক এআই ভিত্তিক ডিজিটাল নিয়োগ ব্যবস্থা চালুর পরিকল্পনা প্রকাশ করেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার এম্পলোয়ার পেস প্রিন্সিপাল (আইএলও) অনুসরণ করে শ্রমিকদের জন্য ‘শূন্য অভিবাসন ব্যয়’ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বাংলাদেশ প্রতিনিধিদল এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে অন্যান্য দেশগুলোর সাথে সমন্বয় করে এটি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আরও পড়ুন: শরণার্থী ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনায় মালয়েশিয়ার নতুন পদক্ষেপ বৈঠকের শেষ পর্যায়ে মানবপাচার সংক্রান্ত আইনি বিষয় এবং অনিয়মিত শ্রমিকদের সমস্যা সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মালয়েশিয়া পক্ষ তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষায় মিথ্যা অভিযোগ ও মানবপাচার প্রতিরোধের ওপর জোর দেয়। অন্যদিকে বাংলাদেশ পক্ষ আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। এছাড়া উভয় পক্ষ কর্মীদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং আধুনিক বাজারের চাহিদার সাথে সংগতিপূর্ণ শ্রমশক্তি তৈরিতে একে অপরকে তথ্য আদান-প্রদান ও নিয়মিত পরামর্শের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করে।
Go to News Site