Somoy TV
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চতুর্থ পর্যায়ের ভর্তি কার্যক্রম আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।বুধবার (৯ মার্চ) চুয়েটের স্নাতক ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।ভর্তি সংক্রান্ত এ বিজ্ঞপ্তি অনুযায়ী, চতুর্থ ধাপে ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য মূল মেধা তালিকার ৩০০০ থেকে ৩৫০০ মেধাক্রমে থাকা শিক্ষার্থীদের নিরীক্ষা বোর্ডে উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি স্থাপত্য বিভাগের মূল মেধা তালিকার ১২৬ থেকে ১৩০ মেধাক্রমে থাকা শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসন শূন্য থাকা সাপেক্ষে নিরীক্ষা বোর্ডে উপস্থিত প্রার্থীদের মেধাক্রমের ভিত্তিতে ভর্তি করা হবে। উপস্থিত প্রার্থীর সংখ্যা নির্ধারিত শূন্য আসনের অধিক হলে মেধাক্রম অনুযায়ী একটি অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ করা হবে। পরবর্তীতে কোনো আসন শূন্য হলে সংরক্ষিত তালিকা থেকে মেধাক্রমের ভিত্তিতে প্রার্থীদের পর্যায়ক্রমে ভর্তির জন্য আহ্বান করা হবে।আরও পড়ুন: চুয়েটে এখনো ১৩৩টি আসন ফাঁকা, তৃতীয় ধাপের ভর্তি বুধবারভর্তির জন্য শিক্ষার্থীদের মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট, উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও ট্রান্সক্রিপ্টের মূল কপি, প্রশংসাপত্রের মূল কপি, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং হল প্রত্যবেক্ষকের স্বাক্ষর সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে স্বীকৃত ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রাপ্ত রক্তের গ্রুপ পরীক্ষার প্রতিবেদন আনতে হবে। স্বাস্থ্য পরীক্ষার সময় চশমা ব্যবহারকারী শিক্ষার্থীদের চশমা সঙ্গে রাখতে হবে।এর আগে, গত বুধবার (৮ এপ্রিল) তৃতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই ধাপে ভর্তি শেষে মোট ৯২০টি আসনের বিপরীতে এখনও ৫৫টি আসন ফাঁকা রয়েছে।
Go to News Site