Jagonews24
কক্সবাজারের টেকনাফে একটি প্রাইভেটকারের তেলের ট্যাংকে করে লুকিয়ে পাচারের সময় ৪২ হাজার পিস ইয়াবাসহ দুই নারী ও এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে টেকনাফের শীলখালী এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-টেকনাফ থানার উত্তর পাড়া ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মুহাম্মদ মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর থানার সমিতিপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের মেয়ে মোসাম্মৎ বিউটি (২৭) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে মোসাম্মৎ মাহিম (১৯)। উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানায়, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো ২১টি পোটলা উদ্ধার করা হয়, যেখানে আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক করা হয় কারে থাকা তিনজনকেও। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং আটক তিনজনের তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সায়ীদ আলমগীর/কেএইচকে/এএসএম
Go to News Site