Somoy TV
নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে উইকেট প্রস্তুতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অ্যাডহক কমিটির গ্রাউন্ডস বিভাগ ইতোমধ্যেই মাঠ ও উইকেট ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) বিসিবি কার্যলয়ে সভা শেষে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল জানিয়েছেন, এই সিরিজে এমন উইকেট তৈরি করা হবে যেখানে স্বাগতিকদের কন্ডিশনাল সুবিধা থাকবে, তবে একই সঙ্গে আন্তর্জাতিক মানও বজায় থাকবে। ব্যাটিং-বোলিংয়ের মধ্যে ভারসাম্য রেখে প্রতিযোগিতামূলক উইকেট তৈরিই মূল লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা ভালো উইকেট চাই, যেখানে দুই দলই স্বাচ্ছন্দ্যে খেলতে পারে। আন্তর্জাতিক মানে কোনো ঘাটতি রাখা হবে না।’ বৃষ্টি সম্ভাবনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বোর্ড। তাই ড্রেনেজ ব্যবস্থা, কভারিং সিস্টেম এবং আউটফিল্ডের মানোন্নয়নে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিউরেটরদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি ভেন্যুগুলোর সিসি ক্যামেরাসহ অন্যান্য অবকাঠামো দ্রুত সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন: বগুড়া, খুলনা ও ফতুল্লার স্টেডিয়ামকে ফের আন্তর্জাতিক মানে ফেরাতে উদ্যোগ বিসিবির এছাড়া চট্টগ্রাম ভেন্যুর আউটফিল্ডের মান ও দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা উঠে এসেছে আলোচনায়। বাবুল জানিয়েছেন, মাঠগুলোর বর্তমান অবস্থা মূল্যায়নের জন্য আগামী দুই দিনের মধ্যে সব ভেন্যুর বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। ঘরোয়া ও আন্তর্জাতিক—দুই ধরনের ম্যাচ আয়োজনযোগ্য মাঠগুলোর অবস্থা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, ‘এগুলো নিয়ে আজকে আলোচনায় হয়েছে। আগামী দুদিনের মধ্যে প্রত্যেকটি গ্রাউন্ডের, ঘরোয়া এবং আন্তর্জাতিক জন্য যে সমস্ত মাঠগুলো বাছাই করা হয়েছে—সেগুলোর কী কন্ডিশন, সে বিষয়ে রিপোর্ট দিতে বলেছি। রিপোর্ট পাওয়ার পর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। যদিও অল্প সময়, তবে আমাদের ইচ্ছা থাকলে আমরা ঠিক করতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।’ সিরিজ সূচি (বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ২০২৬) ওয়ানডে সিরিজ:১ম ওয়ানডে — ১৭ এপ্রিল, শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম , ঢাকা২য় ওয়ানডে — ২০ এপ্রিল, শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা৩য় ওয়ানডে — ২৩ এপ্রিল, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামটি-টোয়েন্টি সিরিজ:১ম টি-টোয়েন্টি — ২৭ এপ্রিল, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম২য় টি-টোয়েন্টি — ২৯ এপ্রিল,বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম৩য় টি-টোয়েন্টি — ২ মে, শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম , ঢাকা আরও পড়ুন: তামিমদের বোর্ডে মাঠ উন্নয়নে জোর, দায়িত্ব পেয়েই সক্রিয় বাবুল এই সিরিজকে ঘিরে উইকেট প্রস্তুতির মানই এখন বড় আলোচনার বিষয়। নতুন বোর্ডের জন্য এটি যেমন পরীক্ষা, তেমনি আন্তর্জাতিক মান ধরে রাখারও একটি বড় সুযোগ।
Go to News Site