Somoy TV
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রথম দিন বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৪৪ জন প্রার্থী।শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এদিন বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। জানা যায়, ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। জমা দেয়ার সময় জমানত দিতে হবে ৫০ হাজার টাকা। আরও পড়ুন: নারী আসনে বিএনপির কারা মনোনয়ন পাবেন, জানালেন রিজভী আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি এবং জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
Go to News Site