Somoy TV
ঢাকার ধামরাইয়ে ন্যাশনালিস্ট কনজ্যুমারস পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কার্যালয় উদ্বোধন ও নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে পদবঞ্চিত ও পদধারী নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় জেলা কমিটির কার্যালয় উদ্বোধনের সময় এ ঘটনা ঘটে।দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে নবগঠিত কমিটির সদস্যরা কার্যালয় উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পদবঞ্চিত একদল নেতাকর্মী সেখানে এসে প্রতিবাদ জানাতে শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। ধাওয়া-পাল্টাধাওয়া ও মারধরের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ অভিযোগ করেন, অফিস উদ্বোধনকালে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলাকারীরা জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে পুঁজি করে ব্যবসা করে আসছিলেন। নতুন কমিটিতে পদ না পেয়ে তারা ক্ষোভ থেকে এই হামলা চালিয়েছেন। নতুন কমিটি হওয়ায় তাদের সেই ‘জুলাই ব্যবসা’ বন্ধ হয়ে যাওয়ার ভয়ে তারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এই হামলায় তাদের পক্ষের ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।আরও পড়ুন: ছলচাতুরী করে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ পাস করা হয়েছে: নাহিদ ইসলামঅন্যদিকে, পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ ভিন্ন। তাদের দাবি, জুলাইয়ের চেতনা বিক্রি করে আওয়ামী লীগের ‘দোসরদের’ নিয়ে ঢাকা জেলা উত্তরের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই বিতর্কিত কমিটির প্রতিবাদ জানাতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তাঁদের পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।ধামরাই থানার পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Go to News Site