Somoy TV
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়া জবাই করে বিক্রি চক্রের মূল হোতা মো. রাজিব সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই চক্রের সেকেন্ড ইন কমান্ড তিতাসকে এখনও গ্রেফতারে করা যায়নি, তাই অভিযান চলছে।শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় উপজেলার গজারিয়া আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়।রাজিব শিকদার (৩৪) উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের মৃত রুহুল আমিন শিকদার বাবুলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় অভিযুক্ত রাজিব ও তিতাসসহ কয়েকজন পালিয়ে যায়। ঘটনার পর চক্রের অন্য সদস্যরা পালিয়ে থাকলেও রাজিব এলাকায় আত্মগোপনে থাকে। শুক্রবার বিকেলে আনারপুরা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) গজারিয়া ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের আরও চার সদস্যকে আটক করে পুলিশ। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মিনহাজুল আলম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন।তিনি জানান, আটককৃতরা হলো, মাদারীপুর জেলার কালকিনির রুবেল (৩৯), নওগাঁর সৌরভ (২১), গাজীপুরের টঙ্গীর সোহেল গাজী (২১) ও ইয়াসিন আরাফাত (২১)। অপরাধীদের স্বীকারোক্তি অনুযায়ী সেখানে মোট দশটি ঘোড়া ছিল যার মধ্যে নয়টি জবাই করা হয়েছিল এবং একটি অসুস্থ ঘোড়া জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।আরও পড়ুন: গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি চক্রের ৪ সদস্য গ্রেফতারএ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী বলেন, 'এই চক্রটি রাজিব ও তিতাসের নেতৃত্বে পরিচালিত হতো। রাজিব আটক হয়েছে এখন তিতাসকে আটকের চেষ্টা অব্যাহত আছে। রাজিবসহ এই ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজন আটক হলো।'উল্লেখ্য, গত ৮ এপ্রিল ভোরে আনারপুরা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে জবাই করা ১২টি ঘোড়া ও একটি জীবিত ঘোড়া উদ্ধার করে প্রশাসন। দীর্ঘদিন যাবৎ চক্রটি ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রি করে আসছিলেন।
Go to News Site