Collector
বাংলাদেশিদের জন্য সুখবর, নতুন নিয়মে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার | Collector
বাংলাদেশিদের জন্য সুখবর, নতুন নিয়মে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার
Somoy TV

বাংলাদেশিদের জন্য সুখবর, নতুন নিয়মে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

দুই বছর বন্ধ থাকার পর অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার। তবে এবার আর আগের মতো নয়, নিয়োগ প্রক্রিয়ায় আসছে আমূল পরিবর্তন। দালালের দৌরাত্ম্য রুখতে এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অভিবাসন ব্যয়ের পুরো ভার থাকছে নিয়োগকর্তার ওপর।২০২৪ সালের জুনে নিয়োগ বন্ধ হওয়ার পর গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুত্রজায়ায় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আর রামানানের সাথে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশই দ্রুততম সময়ে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম শুরু করতে একমত পোষণ করেছে। অতীতের বিশৃঙ্খলা ও দালালের দৌরাত্ম্য বন্ধে এবার নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। নতুন ব্যবস্থায় অভিবাসন ও নিয়োগের যাবতীয় খরচ এখন কর্মীর পরিবর্তে সরাসরি নিয়োগকর্তাকে বহন করতে হবে। পুরো প্রক্রিয়াটি তদারকি করবে একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম, যা মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ কমিয়ে আনবে। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বৈধ এজেন্সিগুলোই এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। বাজারটি একবারে না খুলে ধাপে ধাপে কর্মী নেয়ার পরিকল্পনা করা হয়েছে। যার অংশ হিসেবে নির্মাণ খাতে এরইমধ্যে প্রায় ৮০০ কর্মীকে পরীক্ষামূলকভাবে নিয়োগ দেয়া হয়েছে। আরও পড়ুন: সাগরপথে রঙিন স্বপ্ন, বাস্তবে মুক্তিপণের শিকলে বন্দি রোহিঙ্গা তরুণরা মালয়েশিয়ার শ্রমবাজারে বর্তমানে ৮ থেকে ৯ লাখ বাংলাদেশি কর্মী বৈধভাবে কর্মরত আছেন, যা দেশটির মোট বিদেশি শ্রমশক্তির প্রায় এক-তৃতীয়াংশ। মূলত কলকারখানা, নির্মাণ শিল্প এবং কৃষি খামারে বাংলাদেশিদের ব্যাপক চাহিদা থাকায় আগামী এক বছরে দেশটিতে আরও ৩০ থেকে ৪০ হাজার কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে। তুলনামূলক বেশি আয়ের সুযোগ থাকায় এবং অনেক অভিবাসী ব্যবসা-বাণিজ্যে সফল হওয়ায় নানা ঝুঁকি সত্ত্বেও মালয়েশিয়া এখনো বাংলাদেশি কর্মীদের প্রধান গন্তব্য। এদিকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী শুক্রবার (১০ এপ্রিল) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, প্রবাসীদের সমস্যা সমাধান ও বিদ্যমান সংকট দূর করতে মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের পক্ষ থেকে সকল দাবি ও প্রস্তাব অত্যন্ত স্বচ্ছতার সাথে তুলে ধরা হয়েছে। আরও পড়ুন: যৌথ বিবৃতি / শ্রমবাজার খোলার বিষয়ে সুখবর দিলো মালয়ে‌শিয়া তিনি উল্লেখ করেন, আলোচনার ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমেই কাজের প্রতিফলন ঘটানো এখন সরকারের মূল লক্ষ্য। নিয়মিত তদারকির মাধ্যমে এবারের নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানান, প্রবাসীদের স্বার্থ রক্ষায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, বিগত দীর্ঘ সময়ের অব্যবস্থাপনার ফলে সৃষ্ট সংকট রাতারাতি সমাধান করা সম্ভব না হলেও সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা, উন্নত কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করাকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

Go to News Site