Collector
খানাখন্দে ভরা সাজেক যাওয়ার প্রধান সড়ক | Collector
খানাখন্দে ভরা সাজেক যাওয়ার প্রধান সড়ক
Somoy TV

খানাখন্দে ভরা সাজেক যাওয়ার প্রধান সড়ক

খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক সম্প্রসারণ কাজে ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সড়কটি ১২ ফুট থেকে ১৮ ফুটে উন্নীত করার এই দীর্ঘ প্রতীক্ষিত প্রকল্প এলাকাবাসীর জন্য স্বস্তির খবর হলেও, বর্তমানে খানাখন্দ ও ভাঙনের কারণে তা গলার কাঁটায় পরিণত হয়েছে। বিশেষ করে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়কের দুই পাশ ভেঙে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।খাগড়াছড়িতে গত দুদিন আগের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার কাজ বর্তমানে চলমান রয়েছে। তবে সড়কের বেশিরভাগ অংশই এখন গভীর খানাখন্দ ও নালায় পরিণত হয়েছে। প্রশস্তকরণ কাজ শেষের পথে থাকলেও কার্পেটিং কার্যক্রম চলছে অত্যন্ত ধীরগতিতে। এর মধ্যে বৃষ্টির কারণে সড়কের পাশ ভেঙে পড়ায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দা ও চালকরা। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি এই সড়কটি আগে থেকেই সরু ও আঁকাবাঁকা হওয়ায় চলাচলে বেশ সমস্যা ছিল। এখন উন্নয়ন কাজ চলাকালীন সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টি হলে কাদা ও ভাঙনের কারণে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। আরও পড়ুন: বেড়েই চলছে পাহাড় খেকোদের আগ্রাসন, খাগড়াছড়িতে অভিযান এই সড়কটি সাজেকগামী পর্যটকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাজেক ভ্যালি যাওয়ার অন্যতম প্রধান পথ হওয়ায় দ্রুত ও মানসম্মতভাবে সড়কের কাজ শেষ করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত মানের উপকরণ ব্যবহার করে সড়কের কাজ করা হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করার চেষ্টা চলছে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজে কিছুটা বিলম্ব হচ্ছে বলে স্বীকার করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। দ্রুত কাজ শেষ করে সড়কটি পুরোপুরি চালু করা হলে যাতায়াতে স্বস্তি ফিরবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।

Go to News Site