Collector
বার্নাব্যুতে হোঁচট, শিরোপার লড়াইয়ে আরও পিছিয়ে পড়লো রিয়াল | Collector
বার্নাব্যুতে হোঁচট, শিরোপার লড়াইয়ে আরও পিছিয়ে পড়লো রিয়াল
Somoy TV

বার্নাব্যুতে হোঁচট, শিরোপার লড়াইয়ে আরও পিছিয়ে পড়লো রিয়াল

লা লিগায় শিরোপার দৌড়ে এমনিতেই বার্সেলোনার তুলনায় পিছিয়ে রিয়াল মাদ্রিদ। ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরার বদলে উল্টো ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হোঁচট খেলো লস ব্লাঙ্কোরা।শুক্রবার (১০ এপ্রিল) রাতে জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে রিয়াল। ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সামনে সুযোগ তৈরি হয়েছে পয়েন্টের ব্যবধান ৯-এ নিয়ে যাওয়ার। লা লিগায় টানা তৃতীয় ম্যাচে জয়হীন রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সে স্পষ্ট হয়ে উঠছে ছন্দপতন। শুক্রবার রাতে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে ছিল না ধার। প্রথমার্ধে পরিষ্কার সুযোগ বলতে প্রায় কিছুই তৈরি করতে পারেনি রিয়াল। অন্যদিকে রক্ষণে সংগঠিত থেকে পাল্টা আক্রমণে ভরসা রাখে জিরোনা। বিরতির আগে সবচেয়ে ভালো সুযোগটি আসে আজ্জেদিনে ওউনাহির পা থেকে, তবে দারুণ সেভে দলকে বাঁচান গোলরক্ষক আন্দ্রি লুনিন। আরও পড়ুন: রিয়ালের মার্চ মাসের সেরা খেলোয়াড় ভিনিসিউস বিরতির পর ম্যাচে গতি আসে। ৫১ মিনিটে দূরপাল্লার শটে রিয়ালকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬২ মিনিটে দারুণ এক শটে সমতা ফেরান থমাস লেমার। ডান দিক থেকে কাট ইন করে নেওয়া তার জোরালো শটটি পোস্ট ঘেঁষে জালে জড়ায়, যা ছিল লুনিনের নাগালের বাইরে। শেষদিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। তবে তাড়াহুড়ো আর সমন্বয়হীনতায় আক্রমণগুলো ভেস্তে যায় বারবার। শৃঙ্খলাবদ্ধ রক্ষণে জিরোনা ম্যাচ নিয়ন্ত্রণে রাখে শেষ পর্যন্ত। এই ড্রয়ের ফলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রইল রিয়াল, তাও আবার এক ম্যাচ বেশি খেলে। বার্সেলোনা তাদের পরের ম্যাচ জিতলে ব্যবধান বেড়ে দাঁড়াবে নয় পয়েন্টে। যা শিরোপা লড়াইকে প্রায় একপেশে করে দিতে পারে। আরও পড়ুন: বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ ফিফার, আর্জেন্টিনা-ব্রাজিল থেকে ১৮ জন এর আগে মায়োর্কার বিপক্ষে হারের পর চাপ নিয়েই মাঠে নেমেছিল রিয়াল। কোচ আলভারো অরবেলোয়া শক্তিশালী একাদশ নামালেও কাঙ্ক্ষিত ফল আসেনি। সামনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখানে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জও এখন বড় হয়ে দাঁড়িয়েছে।

Go to News Site