Collector
পরপর ৪ গাড়ির সংঘর্ষ, স্টিলের বান্ডেল ছিটকে পথচারী নিহত | Collector
পরপর ৪ গাড়ির সংঘর্ষ, স্টিলের বান্ডেল ছিটকে পথচারী নিহত
Somoy TV

পরপর ৪ গাড়ির সংঘর্ষ, স্টিলের বান্ডেল ছিটকে পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পরপর চারটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি ট্রাক থেকে ছিটকে পড়া ভারী স্টিলের বান্ডেলের আঘাতে প্রাণ হারিয়েছেন এক পথচারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম আশরাফ (১৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যান চলাচল ধীরগতির থাকায় প্রথমে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এরপর ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় স্টিলের বান্ডেলবাহী একটি ট্রাক। পরে ট্রাকটির পেছনে আরও একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে পরপর চারটি যানবাহনের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রাকে থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিঁড়ে পড়ে একটি কাভার্ডভ্যানের ওপর। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সিটে আটকা পড়েন। একই সময়ে রাস্তা পারাপারের সময় তরুণ পথচারী আশরাফ গুরুতর আহত হন। আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদ অভিযানে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পথচারী আশরাফ মারা যান। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে দুর্ঘটনায় পড়া যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক পথচারীর মৃত্যু হয়।

Go to News Site