Somoy TV
বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদ ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কারণে শাস্তি পেলেন ইস্তভান কোভাচ। চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের বাকি ম্যাচগুলো পরিচালনার দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে এই রোমানিয়ান রেফারিকে।শুক্রবার (১০ এপ্রিল) এমন সিদ্ধান্ত জানিয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা-উয়েফা। ইস্তভানের শাস্তির পরিমাণ বাড়তে পারে আরও। ফুটবলে রেফারির ছোট্ট একটা সিদ্ধান্ত মোড় ঘুরিয়ে দিতে পারে গোটা ম্যাচের। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বদৌলতে ম্যাচ পরিচালনা অনেক সহজ হলেও, ভুলভ্রান্তির উর্ধ্বে নয় কেউ-ই। এই যেমন বার্সেলোনা-অ্যাতলেটিকো ম্যাচ। ফলাফল ছাপিয়ে যে ম্যাচ আলোচনায় রেফারির বিতর্কিত সিদ্ধান্তে। আর সে বিতর্কের জন্ম দিয়েছেন রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাচ। আরও পড়ুন: বার্নাব্যুতে হোঁচট, শিরোপার লড়াইয়ে আরও পিছিয়ে পড়লো রিয়াল ম্যাচের ৫৪তম মিনিট, গোলকিকের বল অ্যাতলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসো পা দিয়ে ঠেলে দেন সতীর্থ মার্ক পুবিলের দিকে। খেলা শুরু হয়েছে মনে হলেও, বল হাত দিয়ে ঠেকান পুবিল। এরপর পাস দেন আবারো গোলরক্ষকের কাছে। সেখানেই বিতর্কের জন্ম। ক্ষোভে ফুঁসে ওঠে গোটা ক্যাম্প ন্যু। পেনাল্টির আবেদন করে বার্সা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট। তবে তাদের ডাকে সাড়া দেননি ইস্তভান। কিংবা ভিএআর-এর সাহায্যও নেননি ঐ রেফারি। মার্ক পুবিল ততক্ষণে দেখে ফেলেছিলেন একটা হলুদ কার্ড। হ্যান্ডবল হলে লাল কার্ডের শঙ্কা ছিল। বার্সার পাওয়ার কথা ছিল একটা পেনাল্টিও। তবে ভাগ্য পক্ষে ছিল অ্যাতলেটিকোর। শিশুতোষ ভুলের মাশুল গুনতে হয়নি। যদিও ঐ ম্যাচের পর থেকে আলোচনায় ইস্তভান। উয়েফার কাছে অভিযোগ দায়ের করেছে কাতালানরা। সিদ্ধান্ত ভুল নাকি সঠিক- সে বিষয়ে এখনো কোন বিবৃতি দেয়নি উয়েফা। তবে শাস্তি পেলেন ইস্তভান। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে, এই রোমানিয়ান রেফারিকে আর কোনো ম্যাচে রাখছে না ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিতর্কিত সিদ্ধান্ত দিলেও ইউরোপিয়ান ফুটবলে সুনাম আছে রেফারি ইস্তভানের। ২০১৮ থেকে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ পরিচালনা করেন, গত মৌসুমের ফাইনালেও মাঠে ছিলেন তিনি। ২০২৪ ইউরোপা লিগের ফাইনালটাও সামলেছেন ইস্তভান। আরও পড়ুন: বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ ফিফার, আর্জেন্টিনা-ব্রাজিল থেকে ১৮ জন এর আগে বার্সেলোনার দুই ম্যাচ আর অ্যাতলেটিকোর চারটা ভিন্ন ম্যাচে রেফারি হিসেবে ছিলেন এস্তভান। মজার বিষয় হচ্ছে, ঐ ছয় ম্যাচের একটাতেও জেতেনি স্প্যানিশ জায়ান্টরা। কেবল ম্যাচ পরিচালনায় অব্যহতি দিয়েই এস্তভানকে শাস্তি দিচ্ছে কিনা উয়েফা, সেটাই এখন দেখার বিষয়।
Go to News Site