Somoy TV
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার সহধর্মিণীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে মঈন খানের বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র-ভারতসহ সাত দেশের রাষ্ট্রদূত অংশ নেন। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলরও উপস্থিত ছিলেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কূটনৈতিক এ আয়োজনে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, নেপাল, ইতালি ও নরওয়ের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ হাইকমিশনারসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া দেশের তিনজন শীর্ষ শিল্পপতিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা হলেন- প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, হামিম গ্রুপের চেয়ারম্যান এমডি আবুল কালাম আজাদ এবং এলিট পেইন্ট গ্রুপের চেয়ারম্যান রাজউক সিরাজ।আরও পড়ুন: বিএনপিকে ক্ষমতায় আনার প্রতিফলন পেতে শুরু করেছে জনগণ: মঈন খান বিষয়টি নিশ্চিত করে ড. আবদুল মঈন খান গণমাধ্যমকে জানান, নৈশভোজ শেষে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, অর্থনীতি, বৈদেশিক কূটনীতি, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বৈশ্বিক জ্বালানি ইস্যু, গণতন্ত্র, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। এছাড়া দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিবেশ, গণতন্ত্রের অগ্রযাত্রা, সুশাসন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও খোলামেলা আলোচনা করেন কূটনীতিকরা।
Go to News Site