Somoy TV
পাকিস্তান সিরিজের অপরিবর্তিত স্কোয়াড নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (১১ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রথম দুই ওয়ানডের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত নির্বাচক প্যানেল।নতুন নির্বাচক প্যানেল এলে সাধারণত পরিকল্পনায় একটু বদল দেখা যায়। তবে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন এই প্যানেল হুবহু একই স্কোয়াড রেখে দিয়েছে৷ অনুমিতভাবেই গণমাধ্যমকর্মীদের মধ্যে একটু বিস্ময় দেখা গেছে। সংবাদ সম্মেলনে সেটার ব্যাখ্যা দিলেন বাশার নিজেই। বাশারের মতে, পাকিস্তান সিরিজের দলে থাকলেও কিছু খেলোয়াড় একদমই সুযোগ পাননি। তাদেরকে কিছু ম্যাচ খেলার সুযোগ দেওয়ার জন্য রাখা হয়েছে। আর যেসব খেলোয়াড় গত সিরিজে ফর্মে ছিল না, তাদেরকেও সময় দিতে চায় নির্বাচক প্যানেল। মূলত এখন থেকেই লম্বা সময়ের জন্য দল গোছাতে এসব উদ্যোগ নিচ্ছে বিসিবি। এ প্রসঙ্গে বাশার বলেন, ‘আমরা যখন দলটা দেখেছি, মনে হয়েছে সর্বশেষ সিরিজ তো সফল ছিল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পায়নি একাদশে। কিছু খেলোয়াড় নতুন এসেছে। আমাদের নীতি হলো, যখন কেউ আসবে, তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যারা খেলেছে তারা খারাপ খেলেনি। আমরা সুযোগ দেওয়াতে বিশ্বাস করতে চাই, সে কারণে আমরা এই সিরিজে দল পরিবর্তন করিনি।’ আরও পড়ুন: ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ বছর ঘুরতেই ওয়ানডে বিশ্বকাপ। নিয়োগের পর থেকেই সে বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করেছে নবগঠিত নির্বাচক প্যানেল। তবে ম্যাচ জেতার দিকেই মূল নজর থাকবে দলের। এই দুটো বিষয়কে প্রাধান্য দিয়েই এখন থেকে দল বানানো হবে বলে জানান বাশার। সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমরা বিশ্বকাপের আগে কোনো বড় পরিবর্তন করতে চাই না। যদি কাউকে দেখতে হয়, তবে আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে দেখে নেব। বাংলাদেশ দলের প্রথম প্রাধান্য হলো ম্যাচ জেতা। জেতার জন্য আমরা সেরা দলটাই বানাব। এর মধ্যে আমরা বিশ্বকাপের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছি। তবে জেতার মানসিকতা ত্যাগ করে নয়।’ আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের খেলোয়াড়দের রোটেশন নীতি নিয়ে বাশার বলেন, ‘পেস বোলিং ডিপার্টমেন্টে আমাদের অনেক অপশন আছে। এখানে রোটেশন করলে আমরা খুব একটা কিছু মিস করছি না। ইনজুরি ম্যানেজমেন্টের জন্য আমরা পেসারদের রোটেট করে খেলাব। কিন্তু টপ অর্ডার এবং মিডল অর্ডারে আমাদের সেটেল হওয়া দরকার। সেখানে আমাদের কাজ করার আছে।’
Go to News Site