Somoy TV
প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দলের বাইরে থাকলেও প্রতিটি সিরিজের আগেই আলোচনায় উঠে আসেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার দিনেও আলোচনায় এলেন সাকিব। তাকে নিয়ে ভাবনার কথা জানালেন নতুন প্রধান নির্বাচক।আমিনুল হক বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড বিদায়ের ঠিক আগে দায়িত্ব নিয়েছে নতুন নির্বাচক প্যানেল। আজ (১১ এপ্রিল) এই নির্বাচক প্যানেল প্রথমবার কোনো দল ঘোষণা করল। যেহেতু গত কয়েক মাস ধরেই সাকিবকে দলে ফেরানোর বিষয়টি নিয়ে সোচ্চার বিসিবি, তাই অনুমিতভাবেই উঠে এসেছে সাকিবের প্রসঙ্গ। আর এ প্রসঙ্গে কথা উঠলেই নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, ইতোমধ্যে সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে তার।সাকিব প্রসঙ্গে প্রধান নির্বাচক ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তাকে দলে নেয়া হলেও লম্বা সময়ের জন্য নেয়া হবে বলেও জানান তিনি। তবে সেক্ষেত্রে সাকিবের ফিটনেস এবং প্রস্তুতির বিষয়টি মূখ্য বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন বাশার। তিনি বলেন, ‘আমার সঙ্গে দুয়েকবার কথা হয়েছে (সাকিবের)। জিজ্ঞেস করেছিলাম, ও প্রস্তুত কি না। যেহেতু ও যেখানে আছে, সেখানে নিয়মিত খেলা হয় না। সবসময় ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগও নেই। ফিটনেস ট্রেনিং করা যায়, কিন্তু ক্রিকেটটা নিয়মিত হয় না। যদিও ও ক্রিকেট খেলছে। এসব বিষয় নিয়েই কথা হয়েছে।‘(সাকিবকে) পাওয়া যাবে কি না, সেটা পরের বিষয়। যদি আমরা চাই, অবশ্যই লম্বা সময়ের জন্য চাইব। যেহেতু এই সময়টুকু আমাদের বিশ্বকাপ নিয়ে পরিকল্পনার জন্য। তাই সবকিছু ঠিকঠাক থাকলে, লম্বা সময়ের জন্য চাই। আলাপটা তাই এটা নিয়েই হয়েছে যে সে কতখানি প্রস্তুত। প্রস্তুতিটা অনেক জরুরি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য৷ এখানে চাহিদা অনেক বেশি।’আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজে স্কোয়াডে কেন পরিবর্তন নেই, ব্যাখ্যা নির্বাচক প্যানেলেরসাকিবের দলে ফেরার বিষয়টি শুধু নির্বাচকদের হাতে নেই। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের রাজনৈতিক রোষানলের মুখে পড়েন সাকিব। বেশকিছু মামলায় তার নাম জড়িয়ে যাওয়ার পর দেশে ফেরার ক্ষেত্রেও নিরাপত্তা শঙ্কা দেখা যায়। বোর্ডেরও সাকিবকে ফেরানোর তেমন সদিচ্ছা না থাকায় ২০২৫ সালের শেষ দিক পর্যন্ত তাই সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়টি পুরোপুরি অনিশ্চিত ছিল।তবে চলতি বছরের শুরুর দিকে আবার সাকিবকে দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক দেখা যায় বিসিবিকে। তার আইনী বিষয়গুলোও বিসিবি দেখভাল করবে বলেও আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড জানিয়েছিল। তবে কয়েকদিন আগে বিসিবির ওই বোর্ড ভেঙে দিয়ে নতুন অ্যাড হক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালের নেতৃত্বাধীন ওই বোর্ড সাকিবের বিষয়টি কীভাবে দেখবে, সেটার ওপর অনেকাংশে নির্ভর করছে তার জাতীয় দলে ফেরার ভাগ্য।যদি সবকিছু ব্যাটে-বলে মিলেও যায়, সেক্ষেত্রেও প্রতিবন্ধকতা আছে। সাকিবের এখন বয়স ৩৯ বছরের বেশি। দীর্ঘদিন ধরেই আছেন জাতীয় দলের সেট আপের বাইরে। ফিটনেসের বিষয়টি তাই প্রধান প্রতিবন্ধকতা হতে পারে। এছাড়া আইনী প্রক্রিয়াতে লম্বা সময় লেগে যাওয়ার আশঙ্কাটাও উড়িয়ে দেয়ার সুযোগ নেই।
Go to News Site