Jagonews24
ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তান সরকারের একটি সূত্র বিবিসি ঊর্দুকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি প্রতিনিধি দলের সদস্যরা শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানি প্রতিনিধি দল ও পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে ইরানের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন জানিয়েছে, এই বৈঠকটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার বিস্তারিত বিষয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার ইসলামাবাদে জেডি ভ্যান্সকে স্বাগত জানানোর সময় বৈশ্বিক ও আঞ্চলিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রশংসা করেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইশহাক দারকে উদ্ধৃত করে বলা হয়, তিনি আশা প্রকাশ করেছেন যে ইরান ও যুক্তরাষ্ট্র ‘গঠনমূলকভাবে আলোচনা করবে’। তিনি পুনর্ব্যক্ত করেছেন যে, পাকিস্তান উভয় পক্ষকে সহায়তা করে একটি স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছাতে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। টিটিএন
Go to News Site