Somoy TV
সিলেট নগরীর যতরপুর এলাকায় পুলিশের অভিযানে হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয় দুই ভুক্তভোগী তরুণকে।শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৯ এপ্রিল রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন যতরপুর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। চক্রের সদস্যরা কৌশলে মেন্দিবাগ এলাকা থেকে দুই যুবককে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদের একটি বাসায় নিয়ে জিম্মি করে রাখা হয়। অভিযোগ রয়েছে, সেখানে ভুক্তভোগীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। একই সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন, মূল্যবান অলংকার ও নগদ অর্থ জোরপূর্বক আদায় করা হয়। পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করে পরিবারের কাছ থেকেও অর্থ আদায়ের চেষ্টা চালানো হয়। পরবর্তীতে প্রায় ৯০ হাজার টাকা আদায় করে এই চক্রটি। আরও পড়ুন: সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত ঘটনার পর ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে কোতোয়ালী মডেল থানায় যোগাযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার (১০ এপ্রিল) ভোরে ঘটনাস্থল থেকে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ এবং ভুক্তভোগীদের উদ্ধার করে। এসময় অভিযানকালে একটি প্রাইভেটকার, একটি সিএনজি অটোরিকশা এবং একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায় এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযোগ আনা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আরও পড়ুন: সিলেটে জ্বালানি ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
Go to News Site