Collector
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার আগে গাজায় ইসরায়েলি তাণ্ডব, নিহত ৭ | Collector
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার আগে গাজায় ইসরায়েলি তাণ্ডব, নিহত ৭
Jagonews24

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার আগে গাজায় ইসরায়েলি তাণ্ডব, নিহত ৭

পাকিস্তানে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ঐতিহাসিক শান্তি আলোচনার প্রস্তুতি চলছে, ঠিক তখনই গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (১১ এপ্রিল) ভোরে মধ্য ও দক্ষিণ গাজায় চালানো এই হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের একটি পুলিশ পোস্টের কাছে ইসরায়েলি ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বুরেজের ‘ব্লক ৯’ এলাকায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় বেশ কয়েকজন প্রাণ হারান। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, আল-আকসা হাসপাতালে ছয়টি মরদেহ এবং সাতজন আহত ব্যক্তিকে আনা হয়েছে, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আল-আওদা হাসপাতাল আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আরও পড়ুন>>যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় কার শর্ত কী, কীসে রাজি?পাকিস্তানের জন্য শান্তি আলোচনা আয়োজনের গুরুত্ব কতটা?ট্রাম্পের ‘বলির পাঁঠা’ হচ্ছেন জেডি ভ্যান্স? দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলা এদিন দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে বানি সুহাইলা শহরে বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবু লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, এই হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। এছাড়া গাজা সিটির পূর্ব দিকে ইসরায়েলি গোলন্দাজ বাহিনী ও ট্যাংক থেকে ভারি গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৭২ হাজার ৩০০র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলতি এপ্রিল মাসের শুরু থেকে এখন পর্যন্ত ৩২ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে চলতি সপ্তাহের শুরুতে নিহত আল-জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহও রয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক ইসরায়েলের এই ‘বিরামহীন হত্যাকাণ্ড’ এবং ‘বিচারহীনতার সংস্কৃতির’ তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়ি, আশ্রয়শিবির, রাস্তা এমনকি শ্রেণিকক্ষেও নিরাপদ নয়।’ পশ্চিম তীরে বসতি স্থাপন ও ধরপাকড় গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের তাণ্ডব অব্যাহত রয়েছে। কালকিলিয়া এবং জেনিন থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। নাবলুসের দুমা গ্রামে অবৈধ বসতি স্থাপনকারীরা একটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর বলছে, নেতানিয়াহু সরকার গোপনে আরও ৩৪টি নতুন অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক এবং ওআইসি এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। সূত্র: আল-জাজিরাকেএএ/

Go to News Site