Somoy TV
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পার্লামেন্ট চলছে, বিরোধীদল কথা বলছে, আমরা তার উত্তর দিচ্ছি এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সরকারি দল ও বিরোধীদল কোনো কারণে অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হয়ে যাবে। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। সজাগ থাকতে হবে প্রতিটা কথা ও বাক্য বিনিময়ে।শনিবার (১১ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ানের ডামোশ গ্রামের অংশে পুনঃখনন কালে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম ১৯৭৭ সালে বাংলাদেশে খাল খনন শুরু করেছিলেন। পরবর্তীতে ১৯৭৭-৮০ সাল পর্যন্ত এই কর্মসূচিটাকে তিনি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিলেন। তিনি একটা খাল খনন নিজে করেছেন, সবাইকে উদ্বুদ্ধ করেছেন। সকল পেশার মানুষ মিলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতাম। সেই ধারা অব্যাহত রেখেছেন তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই খালের জায়গা নিতে হলে ডিসির পারমিশন ছাড়া কারোর পক্ষে নেয়া সম্ভব নয়। গত ১৭ বছরে শাসনে এ আইন মানা হয়নি। যে যার মত খালের জায়গা দখলে নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। কারণ সে সময় খাল খনন কর্মসূচি চলমান ছিল। এখন খাল খনন নেই, রফতানি নেই, কর্মসংস্থানের ব্যবস্থা নাই। খাল খননের মাধ্যমে চুয়াডাঙ্গার কৃষকদের উন্নয়ন সম্ভব হবে। আরও পড়ুন: চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: পানিসম্পদ মন্ত্রী মন্ত্রী আরো বলেন, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা পরে ক্ষমতায় এসেছে বর্তমান সরকার। আমাদের অনেক নেতা গুমের শিকার হয়েছে, শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে সফল হয়েছিলাম। পার্লামেন্ট চলছে বিরোধীদল কথা বলছে আমরা তার উত্তর দিচ্ছি এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সরকারি দল ও বিরোধী দল কোন কারণে অন্যায় দুর্নীতিকে যদি প্রশ্রয় দেই পার্লামেন্টে মারামারি শুরু হয়ে যাবে। এজন্য আমাদের সজাগ থাকতে হবে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আলমডাঙ্গার ডামোশ থেকে ঘোলদাড়ি পর্যন্ত ৭ কিলোমিটার ডি-১৫ এন খাল খনন করা হবে। যার ব্যায় ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথ ভাবে খাল খনন কাজ সম্পূর্ণ করবে। খনন কাজ শেষ হওয়ার কথা রয়েছে ৩০ জুন। আরও পড়ুন: বিগত সময়ের দুর্নীতির বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেয়া হবে: পানিসম্পদ মন্ত্রী খাল খনন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, ফরিদপুর পশ্চিম অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ।
Go to News Site