Somoy TV
বৃষ্টির কারণে কয়েকদিন স্বস্তির পর রাজধানীতে বেড়েছে তাপমাত্রা। আজ আকাশ মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।রোববার (১২ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া পূর্বাভাসে এমন তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ। আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে বজ্রবৃষ্টি, কেমন হবে পহেলা বৈশাখের আবহাওয়া? আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে।
Go to News Site