Somoy TV
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের সঙ্গে ধাক্কাধাক্কি ও অসৌজন্যমূলক আচরণ করায় রোগীর এক স্বজনকে পুলিশে দিয়েছেন চিকিৎসকরা। তার নাম ফাহিয়া আক্তার হিয়া (২৬)।শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের ২১২ নম্বর গাইনি ওয়ার্ডের অপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ২১২ নম্বর ওয়ার্ডের অপারেশন থিয়েটার কক্ষের গেটের সামনে মনি খাতুন নামে এক নারীর স্বজনরা ভিড় করছিলেন। তখন দুই নারী চিকিৎসক তাদের সেখান থেকে সরে যেতে বলেন। তবে রোগীর ওই স্বজনরা সেখান থেকে সরতে অস্বীকৃতি জানান। তখন চিকিৎসকরা তাদের জোর করে সরিয়ে দিতে চাইলে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন রোগীর ভাবি ফাহিয়া আক্তার হিয়া। পরে সেখানকার আনসার সদস্যরা চিকিৎসকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে ওই নারীকে আটক করে হাসপাতাল পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরবর্তীতে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে শাহবাগ থানা পুলিশ। আরও পড়ুন: ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ এদিকে আটক নারীর স্বামী শামীম হোসাইন জানান, তাদের বাড়ি সাভারের কাউন্দিয়া এলাকায়। তার ছোট বোন মনি খাতুনকে সিজারিয়ান অপারেশনের জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। রাতে ওয়ার্ডের সামনে রোগী ও তার স্ত্রী ফাহিয়াকে রেখে তিনি বাচ্চাকে খাবার খাওয়াতে বাইরের হোটেলে যান। সেখান থেকে ফিরে এসে দেখেন, ওয়ার্ডের সামনে হট্টগোল হচ্ছে। ডাক্তার, নার্স, আয়ারা তার স্ত্রীকে মারধর করার চেষ্টা করছেন। তখন তিনি জানতে পারেন, ডাক্তাররা রোগীর স্বজনদের গেটের সামনে থেকে সরে যেতে বলার পর তর্ক করেছিলেন তার স্ত্রী। পরে ডাক্তাররা ফোনে তার স্ত্রীর ভিডিও করা শুরু করলে তখন সেটি হাত দিয়ে বাধা দিয়েছিলেন হিয়া। এতেই ডাক্তাররা আরও ক্ষিপ্ত হয়ে যান। আর অভিযোগ তুলেন, হিয়া তাদের মারতে গিয়েছিল। শামীম আরও বলেন, সব শোনার পর আমি নিজে ডাক্তারের হাতে পায়ে ধরে মাফ চেয়েছি। হিয়াসহ আমার পরিবারের সবাই ঘটনার জন্য মাফ চেয়েছে। কিন্তু তারা মাফ করেনি। আমার স্ত্রীকে পুলিশে দিয়েছে। এখন হাসপাতালে রোগীর জন্য দৌড়াব, নাকি থানায় দৌড়াব- কিছুই বুঝে উঠতে পারছি না।
Go to News Site