Jagonews24
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। লেবানন কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, গত মাসে ইসরায়েল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় দুই হাজার ২০ জন নিহত হয়েছে। খবর এএফপির। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নতুন তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৪৮ জন নারী, ১৬৫ জন শিশু এবং ৮৫ জন চিকিৎসা ও জরুরি সেবাকর্মী রয়েছেন। এছাড়া গত ২ মার্চ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে লেবাননও জড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৩৬ জন আহত হয়েছে। এদিকে ঘণ্টার পর ঘণ্টা শ্বাসরুদ্ধকর আলোচনা এবং কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টার পরও ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়ে একমত হতে পারেনি। ফলে কোনো ধরনের সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছে মার্কিন প্রতিনিধি দল। রোববার স্থানীয় সময় সকাল ৭টা ০৮ মিনিটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের বিমানবন্দর থেকে এয়ার ফোর্স টু প্লেনে চড়ে দেশের উদ্দেশ্যে রওয়ানা হন। শনিবার বিকেলে ইসলামাবাদের সেরেনা হোটেলে ‘ইসলামাবাদ টকস’ নামে এই উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছিল। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। অন্যদিকে, ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, ‘আমরা টানা ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটা সুসংবাদ। তবে দুঃসংবাদ হলো, আমরা কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারিনি।’ টিটিএন
Go to News Site