Somoy TV
রাজধানীর দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ যেন এক অনন্য সাহিত্য-আধ্যাত্মিক আবহে ভরে উঠেছিল। সাতদিনব্যাপী দারুননাজাত বইমেলার উদ্বোধনী দিনেই অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান। এবারের স্বর্ণপদকে ভূষিত হয়েছেন পবিত্র কুরআনের কাব্যনুবাদক ও বিশিষ্ট সাহিত্যিক কবি মুহিব খান।শনিবার (১১ এপ্রিল) মেলাটির আয়োজন করে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ। ইতোমধ্যেই ইসলামি সাহিত্যচর্চা ও জ্ঞানবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উদ্বোধনী দিনের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি ছিল পুরো আয়োজনের প্রাণকেন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু জাফর খান। তিনি তাঁর বক্তব্যে কুরআনের সৌন্দর্যকে কাব্যের ভাষায় তুলে ধরার জন্য কবি মুহিব খানের অবদানের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক প্রখ্যাত লেখক ও গবেষক রুহুল আমীন খান। যিনি বলেন, সাহিত্য যখন ঈমান ও ভাবনার গভীরতার সাথে মিলিত হয়, তখন তা মানুষের অন্তরকে জাগিয়ে তোলে। মুহিব খানের কাজ তারই এক উজ্জ্বল উদাহরণ। আরও পড়ুন: পড়াশোনার নামে নির্যাতন: কী বলে ইসলাম? এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ.খ.ম. আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ বি এম সিদ্দিকুর রহমান খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে জ্ঞান, সাহিত্য ও নৈতিকতার পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগায়। উল্লেখ্য, দারুননাজাত বইমেলা প্রতি বছরই সাহিত্যপ্রেমী ও জ্ঞানান্বেষীদের এক মিলনমেলায় পরিণত হয়। ইসলামী সাহিত্য, গবেষণা ও সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
Go to News Site