Collector
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯২ শতাংশ | Collector
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯২ শতাংশ
Jagonews24

ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯২ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ২ হাজার ৩৯ জন ভর্তিচ্ছুর মধ্যে ১৮৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। যা মোট আবেদনের ৯২ শতাংশ। রোববার (১২ এপ্রিল) দুপুরে ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২ হাজার ৩৯ জন আবেদন করেছেন। এর অধীনে ৪টি বিভাগের মোট ৩৩০টি আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন ও রবীন্দ্র-নজরুল ভবনে পরীক্ষার্থীদের জন্য আসন বিন্যাস করা হয়েছে। পরীক্ষাকালীন অনুষদ কেন্দ্রে কক্ষ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ডি-ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন। ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সেকান্দার আলী বলেন, ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আবেদনকারীর মধ্যে ৯২ শতাংশ উপস্থিত ছিল। ‘ডি’ ইউনিটের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ রয়েছে। এর মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ অন্তর্ভুক্ত। বিশ্ববিদ্যালয় প্রতিবছর স্বতন্ত্রভাবে ইউনিটটি ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে। ইরফান উল্লাহ/এমএন/জেআইএম

Go to News Site