Collector
শত্রুর সঙ্গে তথ্য আদান-প্রদান: ইরানে ৫০ জন গ্রেফতার | Collector
শত্রুর সঙ্গে তথ্য আদান-প্রদান: ইরানে ৫০ জন গ্রেফতার
Jagonews24

শত্রুর সঙ্গে তথ্য আদান-প্রদান: ইরানে ৫০ জন গ্রেফতার

শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ ও সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগে অন্তত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগ রয়েছে। তারা গুরুত্বপূর্ণ স্থাপনা, সেবা কেন্দ্র ও অবকাঠামোর অবস্থানসহ সংবেদনশীল তথ্য সরবরাহ করছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ। অভিযানে ইলেকট্রনিক ডিভাইস, স্যাটেলাইট সরঞ্জাম এবং অস্ত্র জব্দ করা হয়েছে বলেও জানানো হয়। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এর আগেও বহু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পরও একই ধরনের অভিযান চালানো হয়েছিল। এদিকে, সম্প্রতি কঠোর করা গুপ্তচরবৃত্তি আইন অনুযায়ী, এ ধরনের অভিযোগে দোষী প্রমাণিত হলে মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের মধ্যে নিরাপত্তা জোরদার করতেই এ ধরনের কঠোর পদক্ষেপ নিচ্ছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের পর পাকিস্তান ছেড়েছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও। ইসলামাবাদে কয়েক দফার নিবিড় আলোচনার পর রোববার (১২ এপ্রিল) সকালে তেহরানের উদ্দেশ্যে রওয়ানা হন তারা। তবে আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও একে ‘কূটনীতির শেষ’ হিসেবে দেখতে নারাজ ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির বরাতে জানা গেছে, আলোচনার স্থবিরতাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘স্বাভাবিকভাবেই, শুরু থেকে আমাদের এমন কোনো প্রত্যাশা ছিল না যে মাত্র একটি অধিবেশনেই আমরা কোনো চুক্তিতে পৌঁছে যাবো। কারও মনেই এমন ধারণা ছিল না। তিনি আরও যোগ করেন, ‘কূটনীতি কখনো শেষ হয় না। কূটনৈতিক ব্যবস্থা হলো জাতীয় স্বার্থ রক্ষা ও সংরক্ষণের একটি হাতিয়ার। পাকিস্তান এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে।’ সূত্র: আল-জাজিরা এমএসএম

Go to News Site