Collector
দক্ষিণ কোরিয়ায় কোল্ড স্টোরেজে আগুন, দুই দমকলকর্মীর মৃত্যু | Collector
দক্ষিণ কোরিয়ায় কোল্ড স্টোরেজে আগুন, দুই দমকলকর্মীর মৃত্যু
Somoy TV

দক্ষিণ কোরিয়ায় কোল্ড স্টোরেজে আগুন, দুই দমকলকর্মীর মৃত্যু

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডে দুই দমকলকর্মীর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।ফায়ার সার্ভিস জানায়, রোববার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে একটি মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১০০ জনের বেশি দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিনির্বাপণ কার্যক্রম চলাকালে দুই দমকলকর্মী ভেতরে আটকা পড়েন এবং পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার পর অবশিষ্ট আগুন নেভাতে তারা পুনরায় ভেতরে প্রবেশ করেছিলেন। ওয়ানডো ফায়ার স্টেশনের প্রধান জানান, গুদামের ছাদের কাছে জমে থাকা তেলজাতীয় কণার বিস্ফোরণের কারণে আগুন হঠাৎ তীব্র আকার ধারণ করে। রেডিও বার্তার মাধ্যমে সাতজন দমকলকর্মীকে দ্রুত বেরিয়ে আসার নির্দেশ দেয়া হলেও, দু’জন সময়মতো বের হতে পারেননি।  আরও পড়ুন: হরমুজ পার হওয়ার চেষ্টায় দক্ষিণ কোরিয়ার ২৬ জাহাজ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেঝে সংস্কারের কাজের সময় রং তুলে ফেলতে গ্যাস টর্চ ব্যবহারের ফলে আগুনের সূত্রপাত ঘটে। এছাড়া গুদামে ব্যবহৃত দাহ্য ইপোক্সি ফ্লোরিং এবং স্যান্ডউইচ প্যানেল কাঠামো আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করেছে বলে মনে করছেন তদন্তকারীরা। এ ঘটনায় এক মৎস্য কোম্পানির কর্মী ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। এদিকে প্রেসিডেন্ট লি জে মিয়ং ঘটনাটি সম্পর্কে জানতে পেরে দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দেন। নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানান প্রেসিডেন্ট।

Go to News Site