Somoy TV
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক হজ ক্যাম্প ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন।রোববার (১২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক। এতে বলা হয়, পরিদর্শনকালে চেয়ারম্যান হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি, সেবার মান এবং কাউন্টারে কর্মরত স্টাফদের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট কার্যক্রমগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে যাত্রীসেবা মান উন্নয়ন এবং প্রক্রিয়াগুলো আরও দ্রুত ও সহজতর করার নির্দেশনা দেন। এরপর বেবিচক চেয়ারম্যান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। সেখানে তিনি হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং যাত্রী হ্যান্ডলিং, বোর্ডিং প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা, ব্যাগেজ ব্যবস্থাপনা ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। আরও পড়ুন: হজ ফ্লাইট শুরু শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে বিদ্যমান সেবার মান, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বিশেষ করে হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সেবার মানোন্নয়ন, সময় ব্যবস্থাপনা এবং আন্তঃসংস্থার সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন যাতে হজযাত্রীদের যাত্রা আরও সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ হয়। পরিদর্শন শেষে চেয়ারম্যান আশা ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় চলতি বছরের হজ কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। এসময় আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল, সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) এয়ার কমডোর মো. মুকিত-উল-আলম মিঞা, প্রধান প্রকৌশলী মো. জাকারিয়া হোসেনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
Go to News Site