Somoy TV
ক’দিন আগেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ। তবে এখানেই থেমে থাকতে চায় না দলটি। লক্ষ্য এখন আরও বড় মঞ্চ— এশিয়ান পর্যায়ে সাফল্য। সেই লক্ষ্যেই বয়সভিত্তিক দলগুলোর উন্নয়নে নতুন করে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেভেলপমেন্ট কমিটি।রোববার (১২ এপ্রিল) বাফুফে ভবনে ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জানান, বয়সভিত্তিক দলের জন্য নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে তারা। সাফ জয়ের পরই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ইংলিশ কোচ মার্ক কক্সকে। তার স্বল্পমেয়াদি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার জন্ম হয়েছিল। আরও পড়ুন: মোহামেডানে আলফাজ অধ্যায়ের সমাপ্তি, ভারপ্রাপ্ত কোচ সেন্টু জাহেদী বলেন, এবার কোচ নিয়োগের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করা হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে এবং সেখান থেকে যোগ্যতা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। এই প্রতিযোগিতার মূল আসর মাঠে গড়াবে ২০২৭ সালে। ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জানিয়েছেন, বয়সভিত্তিক এই টুর্নামেন্ট বিশেষ গুরুত্ব দিয়ে ভাবছেন তারা। আরও পড়ুন: রিয়াল মাদ্রিদে ফিরছেন ক্রুস ‘এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের আগে আমাদের অন্তত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে। তেমনি এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের আগে ইউরোপে একাডেমি কাপ টুর্নামেন্টগুলোতে আমাদের দলকে পাঠানো হবে। যেখান থেকে ছেলেরা অভিজ্ঞতা ও যোগ্যতা অর্জন করতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমরা এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টকে নিয়ে গুরুত্ব দিচ্ছি। সেই টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে খেলতে চাই। এজন্য অন্তত ছয় সপ্তাহের ট্রেনিং করব। সেটা পুরোপুরি ঢাকায়, কিংবা যশোরে চার আর ঢাকায় দুই সপ্তাহ— এমনও হতে পারে।’
Go to News Site