Somoy TV
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সীমিত’ পরিসরে সামরিক হামলা শুরু করার কথা ভাবছেন। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনা অচলাবস্থায় পড়ার পর ট্রাম্প ও তার উপদেষ্টারা কিছু পদক্ষেপ বিবেচনা করছেন। এর মধ্যে হরমুজ প্রণালীতে অবরোধের পাশাপাশি সীমিত সামরিক হামলাও একটি বিকল্প হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেঙে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রোববার (১২ এপ্রিল) এসব বিকল্প নিয়ে আলোচনা হয়। তবে পূর্ণমাত্রার বড় ধরনের বোমা হামলার সম্ভাবনা তুলনামূলক কম বলে কর্মকর্তারা জানিয়েছেন। কারণ এতে অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে পড়তে পারে এবং দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াতে ট্রাম্প আগ্রহী নন। এছাড়া অস্থায়ী অবরোধ আরোপ করে মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সামরিক নিরাপত্তা মিশনের দায়িত্ব নিতে বলার চিন্তাও রয়েছে। আরও পড়ুন: আমি যা চাই তার সবই দেবে ইরান: ট্রাম্প প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনা ভেঙে যাওয়ার পর ট্রাম্প রবিবারের বেশিরভাগ সময় মিয়ামির তার রিসোর্টে কাটান। এ সময় তিনি একটি টিভি অনুষ্ঠানে কথা বলেন, গলফ খেলেন এবং উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেন। তবে তার সহকারীরা জানিয়েছেন, এসব কঠোর অবস্থানের মধ্যেও ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানের জন্য উন্মুক্ত আছেন। হোয়াইট হাউসের একজন মুখপাত্র ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার (৭ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর চলমান সংঘাতের অবসানে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় সময় গত শনিবার (১১ এপ্রিল) এই আলোচনা শুরু হয়। প্রায় ২১ ঘণ্টার আলোচনা শেষ হয় আজ রোববার (১২ এপ্রিল) সকালে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কার্যত ব্যর্থ হয়েছে।
Go to News Site