Collector
বাংলা নববর্ষ ঘিরে রাজধানীর বিপণিবিতানে জমে উঠেছে কেনাকাটা | Collector
বাংলা নববর্ষ ঘিরে রাজধানীর বিপণিবিতানে জমে উঠেছে কেনাকাটা
Somoy TV

বাংলা নববর্ষ ঘিরে রাজধানীর বিপণিবিতানে জমে উঠেছে কেনাকাটা

বাংলা নতুন বছর বরণে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সর্বত্র। ঐতিহ্য আর বাঙালিয়ানার ছোঁয়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পোশাকেও। রাজধানীর বিপণিবিতানগুলোতে বিক্রিও এখন জমে উঠেছে। রঙিন সাজে নতুন করে নিজেকে সাজাতে ক্রেতাদের ভিড়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। একই সঙ্গে ঘর সাজানোর জন্যও কদর বাড়ছে মাটির সরা ও রিকশা পেইন্টিংয়ের।বছর ঘুরে আবারও ক্যালেন্ডারের পাতায় আসছে নতুন বাংলা বছর। নববর্ষ বরণে তাই সারা দেশেই এখন সাজ সাজ রব। রাজধানীর বিভিন্ন বিপণিবিতানেও চলছে কেনাকাটার ধুম। অভিজাত বুটিক হাউস থেকে শুরু করে সাধারণ মার্কেট; সবখানেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। নারী ক্রেতারা বলছেন, নতুন বছরকে ঘিরে এবার তারা বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছেন। নতুন বছর উপলক্ষে নতুন জামা-কাপড় তো কেনাকাটা করতেই হয়। ফাহমিদা নামে এক ক্রেতা বলেন, এবার পরিকল্পনা একটু শাড়ি পরার। একটু ভালোভাবে সাজবো। অফিস আছে, তাই শাড়ি পরে অফিসে যাওয়ার ইচ্ছা আছে। উৎসবের রঙে রঙিন হতে শাড়ি-পাঞ্জাবিই থাকছে ক্রেতাদের পছন্দের শীর্ষে। তবে এবার শুধু লাল-সাদার মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যান্য রঙের পোশাকের প্রতিও ঝোঁক বাড়ছে। ক্রেতারা জানান, এখন বৈশাখে শুধু লাল-সাদা পরতেই হবে এমন ধারণা আর নেই। এখন কালারফুল যেকোনো ড্রেসই বৈশাখে পরা যায়। সিল্ক, এন্ডি সিল্ক, কটনসহ বিভিন্ন ধরনের ফ্যাব্রিকের পোশাকেরও চাহিদা রয়েছে। আরও পড়ুন: বাংলা নববর্ষ বরণে বরিশালে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শুধু নিজেকে সাজানো নয়, ঘর সাজানোর দিকেও নজর দিচ্ছেন অনেকে। আলপনার পাশাপাশি মাটির সরা কিংবা রিকশা পেইন্টের তৈজস দিয়ে ঘর-বাড়িকে বাঙালিয়ানার রূপ দিতে চাইছেন তারা। সাধারণ মানুষ বলছেন, একদিনের জন্য হলেও উৎসবের জন্য ঘরটা সুন্দরভাবে সাজাতে চান তারা। বাসার ভেতরে নতুন ফুল রাখা, নতুন প্লেট বা থালা ব্যবহার করা এবং মিষ্টি সাজিয়ে পরিবেশ তৈরি করাই তাদের পরিকল্পনা। বৈশাখ উপলক্ষে দেশীয় উদ্যোক্তারাও এবার ভিন্ন প্রস্তুতি নিয়েছেন। ঈদের পর কিছুটা সময় পাওয়ায় এবার ক্রেতাদের সাড়া তুলনামূলক বেশি মিলছে বলে জানান তারা। ব্যবসায়ীরা বলেন, বৈশাখে লাল-সাদার একটি চিরাচরিত আবেদন থাকে, তাই এসব রঙের পোশাকের চাহিদাই বেশি। ব্লকের শাড়ি এসেছে এবং মাথুরাই শাড়িগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এবার বিক্রি ভালো হচ্ছে। ঈদের পর বৈশাখের জন্য সময় পাওয়ায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন। সাজ-সজ্জায় বাঙালিয়ানাকে ফুটিয়ে তুলতে কাঠ, মাটি ও বিভিন্ন ধাতুর তৈরি মানানসই গহনাও কিনছেন ক্রেতারা। নতুন বছর মানে শুধু ক্যালেন্ডারের পাতায় তারিখ বদল নয়, বরং নতুন চেতনায় বাঁচার অনুপ্রেরণাও। তাই ঘর-বাড়ির পাশাপাশি মানুষ নিজেদেরও নতুন করে সাজিয়ে তুলছেন উৎসবের আবহে।

Go to News Site