Somoy TV
শরীরের পেছনের অংশে ধারালো অস্ত্রের আঘাত। সেই যন্ত্রণায় কাতর হয়ে মানুষের মতোই চিকিৎসার খোঁজে সোজা হাসপাতালে এসে হাজির হয়েছে একটি বন্য হনুমান! অবাক করার মতো এই ঘটনাটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং আলোচনার জন্ম দিয়েছে।রোববার (১২ এপ্রিল) দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এর আগে হনুমানটি প্রথমে থানায় এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, কে বা কারা বন্য হনুমানটির শরীরের পেছনের অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। মারাত্মক আহত প্রাণীটি যন্ত্রণায় ছটফট করতে করতে চিকিৎসার আশায় প্রথমে ঝিকরগাছা থানায় যায়। সেখানে কোনো সুরাহা না পেয়ে পরে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয়। সবশেষ দুপুরবেলা এটি উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে গিয়ে উপস্থিত হয়। আরও পড়ুন: টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, লোকালয়ে ঘুরছে হনুমান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার বলেন, ‘হাসপাতালে এসে হনুমানটি প্রথমে একটি টেবিলে বসে এবং পরে ফার্মেসি কক্ষে ঢুকে ওষুধের বোতল ধরে। চিকিৎসকরা প্রাণীটির ক্ষতস্থানে চিকিৎসা দেয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে একটি পাউরুটির মধ্যে ব্যথানাশক ট্যাবলেট দিয়ে তাকে খেতে দেয়া হয়। সেটি খাওয়ার পর হনুমানটি আপন মনে চলে যায়।’
Go to News Site