Somoy TV
নারায়ণগঞ্জে জানালার গ্রিল কেটে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাতরা।সোমবার (১৩ এপ্রিল) ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম হুমায়ুন কবির। তিনি পেশায় একজন রি-রোলিং মিল ও লোহার রড ব্যবসায়ী। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। ভুক্তভোগী ব্যবসায়ী হুমায়ুন কবির জানান, ভোরে ৫-৬ জনের একদল সশস্ত্র ডাকাত জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর তারা পরিবারের সদস্যদের ঘুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে এবং সবার হাত, পা ও মুখ বেঁধে ফেলে। পরে ডাকাত দলের সদস্যরা ঘরের আলমারি ভেঙে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। আরও পড়ুন: বিমানবন্দর থেকে ফেরার পথে ডাকাতদলের কবলে সৌদি প্রবাসী খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এবং ফতুল্লা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডাকাতির ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও লুট হওয়া সম্পদ উদ্ধারে পুলিশের তৎপরতা চলছে।’
Go to News Site