Somoy TV
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই যুবকদের দেশে ফেরত আনতে বিএসএফকে ইতিমধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (১২ এপ্রিল) রাতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝাউকুটি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমীর চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই যুবক উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। এ সময় স্থানীয় ভারতীয় নাগরিকদের সহায়তায় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। আরও পড়ুন: স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক যুবকের বাড়িতে দুই নারীর অবস্থান নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান দুই বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, ‘দুই বাংলাদেশি যুবক আটকের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তাদের ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’
Go to News Site