Jagonews24
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, সরকারি কোনো সিদ্ধান্ত ছাড়া মেঘনা থেকে কেউ কোনোভাবে বালু উত্তোলন করতে পারবেন না। তিনি বলেন, বিগত দিনে চাঁদপুরে বালু উত্তোলন নিয়ে গন্ধ রয়েছে, সেটি বারবার সামনে আসে। বালু উত্তোলন করা যেখানে প্রয়োজন, সেখানে গবেষণা করে, সংশ্লিষ্টদের মতামত নিয়ে উত্তোলন করা হবে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শেখ ফরিদ আহমেদ। সম্প্রতি হাইমচরের চরভৈরবী গাজীনগর এলাকায় নদীভাঙন প্রতিরোধে বাঁধের সঙ্গে ড্রেজার দিয়ে মাটি কাটার বিষয়টি আলোচিত। এ বিষয় এমপি শেখ ফরিদ আহমেদ বলেন, ঘটনার দিন আমি সংসদে ছিলাম। আমার নির্দেশনার আগেই পানি উন্নয়ন বোর্ড ও আইন শৃঙ্খলাবাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পাঁচজন গ্রেফতার হয়েছে। এরকম বাঁধ সংলগ্ন নদীপাড় থেকে ড্রেজার দিয়ে মাটি কাটা খুবই বিরল। সভায় আরও বক্তব্য দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম সলিম উল্যা সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান প্রমুখ। সভার সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। শরীফুল ইসলাম/এসআর/এএসএম
Go to News Site