Somoy TV
মাঝরাতে উঁচু নারিকেল গাছের চূড়ায় উঠে শুয়ে পড়েন এক কলেজপড়ুয়া তরুণ। নিচে থেকে স্থানীয়রা তাকে নেমে আসার অনুরোধ করলেও তিনি অসংলগ্ন আচরণ করেন এবং একপর্যায়ে নিচে ঝাঁপ দেয়ার হুমকি দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর ওই তরুণকে নিরাপদে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।সোমবার (১৩ এপ্রিল) মাদারীপুরের ডাসার উপজেলায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই তরুণের নাম ফারহান তালুকদার (১৮)। তিনি ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের সাইদুল তালুকদারের ছেলে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মাঝরাতে ওই তরুণ উঁচু একটি নারিকেল গাছের ডগায় উঠে শুয়ে ছিলেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে গাছের দিকে টর্চলাইট তাক করে তাকে নিচে নেমে আসার অনুরোধ করেন। কিন্তু তরুণটি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন এবং মাতলামি করে একপর্যায়ে গাছের পাতার ওপর শুয়ে পড়েন। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে নামাতে ব্যর্থ হন। আরও পড়ুন: চিকিৎসা পেতে হাসপাতালে হাজির আহত হনুমান পরে খবর পেয়ে ডাসার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা দীর্ঘ চেষ্টা চালিয়ে ওই তরুণকে গাছ থেকে নিরাপদে নামাতে সক্ষম হন। ডাসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, ‘ফারহান নামের ওই তরুণকে নারিকেল গাছের চূড়া থেকে নামতে বললে সে ঝাঁপ দেয়ার হুমকি দেয়। পরে সে শান্ত হলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে।’ এ বিষয়ে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘মাঝরাতে ওই তরুণ কেন নারিকেল গাছে উঠেছিল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।’
Go to News Site