Somoy TV
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যে ৭ জন নিহত হয়েছেন তাদের সবার বাড়ি দিনাজপুর জেলায়। দুর্ঘটনায় আহতরা অভিযোগ করেছেন, ট্রাকটি চালকের পরিবর্তে হেলপার চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ৭ জন এবং আহত ৬ জন সবাই দিনাজপুরের বিরামপুর ও খলিলপুর এলাকার বাসিন্দা। লাশ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে, আহতরা গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), আলম মিয়ার ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), একই জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন (২১), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), একই গ্রামের বাসিন্দা বিষু মিয়া (৩৫) এবং রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৫)। আরও পড়ুন: দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭ নিহতরা সবাই দিনমজুর কৃষি শ্রমিক ছিলেন। তারা কাজের সন্ধানে দিনাজপুর থেকে ট্রাকে থাকা চালের বস্তার ওপর চড়ে কুমিল্লা ও ফেনীর উদ্দেশে যাচ্ছিলেন। আহত ট্রাক যাত্রী জাহাঙ্গীর জানান, মেঘনা ব্রিজের টোলপ্লাজায় এসে ড্রাইভার হেলপারকে ট্রাক চালাতে দেন। তারপরই দাউদকান্দিতে এসে ট্রাক নিয়ন্ত্রণ হারায়। আহত মো. হানিফ বলেন, সবাই ট্রাকের ওপরে ছিলাম। কখন সবাই উড়ে পড়ে গেলাম বুঝতেও পারি নাই। সবাই কাজের সন্ধানে দিনাজপুর থেকে ট্রাকে করেই রওনা হয়েছিলাম। এখন হাসপাতালে! আমার হাত ভেঙ্গে গেছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ৬ জন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ৭ জনের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
Go to News Site