Collector
টনি হেমিংয়ের কাছে কোন ধরনের উইকেট চায় টাইগাররা! | Collector
টনি হেমিংয়ের কাছে কোন ধরনের উইকেট চায় টাইগাররা!
Jagonews24

টনি হেমিংয়ের কাছে কোন ধরনের উইকেট চায় টাইগাররা!

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৭ এপ্রিল। সিরিজের প্রথম দুই ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ আয়োজন করবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। এই দুই সিরিজের জন্য আন্তর্জাতিক মানের উইকেট করতে চায় বিসিবি। সম্প্রতি এ প্রসঙ্গে টাইগার টিম ম্যানেজমেন্ট ও পিচ কিউরেটর টনি হেমিংয়ের মধ্যে আলোচনা হয়েছে। টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স, প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফীস সেখানে উপস্থিত ছিলেন। জানা গেছে, হেমিংয়ের কাছে স্পোর্টিং উইকেট চেয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। যেখানে বোলার ও ব্যাটার সমান সুবিধা পাবেন। গত মাসে ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচেই ছিল স্পোর্টিং উইকেট। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এই আসরকে সামনে রেখে এখন থেকেই স্পোর্টিং উইকেটে খেলার অভ্যাস গড়তে চায় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে-পরেও কোচিং প্যানেল থেকে ক্রিকেটার, সবার মুখেই স্পোর্টিং উইকেটের চাহিদার কথা শোনা গেছে। সেই মোতাবেক নিউজিল্যান্ড সিরিজেও মিরাজের দলে চাহিদা স্পোর্টিং উইকেট। আগামী ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। একই মাঠে পরের ম্যাচ হবে ২০ এপ্রিল। এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। সেখানে সাগরিকায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৩ এপ্রিল। বিদ্যুৎ সাশ্রয় করতে এবার ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টায় শুরু করবে বিসিবি। ওয়ানডে সিরিজ শেষ দুই দল মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। ক্রিকেটে সংক্ষিপ্ততম এই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৭ এপ্রিল। এরপর ২৯ এপ্রিল একই মাঠে খেলার পর ঢাকায় ফিরে ২রা মে দুই দল খেলবে সিরিজের শেষ ম্যাচ। এসকেডি/আইএন

Go to News Site