Somoy TV
ঠাকুরগাঁওয়ে একটি মুরগির খামারে কর্তৃপক্ষের দেয়া খাবার খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ২৬ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে অসুস্থ অবস্থায় ওই শ্রমিকরা একে একে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এসে ভর্তি হন। এর আগে, রোববার (১২ এপ্রিল) দুপুরে খামারে খাবার খাওয়ার পর থেকেই তারা অসুস্থ বোধ করতে শুরু করেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, অসুস্থ শ্রমিকরা ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকায় অবস্থিত ‘নর্থস এগ লিমিটেড’ নামে একটি মুরগির খামারে কাজ করেন। প্রতিদিনের মতো রোববার দুপুরে খামার কর্তৃপক্ষ শ্রমিকদের খাবার খেতে দেয়। ওই খাবার খাওয়ার পর শরীর খারাপ লাগলে ছুটিতে সবাই বাসায় চলে যান। পরে সোমবার (১৩ এপ্রিল) রাত থেকে প্রত্যেকের পাতলা পায়খানা, শরীরে জ্বর ও মাথাব্যথা শুরু হয়। কোনো উপায় না পেয়ে মঙ্গলবার সকাল থেকে একে একে হাসপাতালে এসে ভর্তি হন তারা। অসুস্থ রোগীরা জানান, তারা কয়েক বছর ধরে ওই খামারে নিয়মিত কাজ করছেন। প্রতিদিনের মতো সেদিনও কর্তৃপক্ষ তাদের খাবার দেয়। খাবারের তালিকায় ছিল লেয়ার মুরগির মাংস। ওই মাংস খাওয়ার পর থেকেই সবাই একে একে অসুস্থ হয়ে পড়েন। তাদের দাবি, কমপক্ষে একশোর বেশি শ্রমিক অসুস্থ হয়েছেন। অনেকেই বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, তবে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ২ মরদেহ উদ্ধার শ্রমিকদের অভিযোগ, এত বড় ঘটনার পরও খামারের কোনো কর্মকর্তা তাদের দেখতে আসেননি। অনেক শ্রমিকের চিকিৎসা চালানোর মতো প্রয়োজনীয় টাকা-পয়সা নেই। এ অবস্থায় খামার কর্তৃপক্ষ খোঁজখবর নিলে তাদের জন্য সুবিধা হতো। একসঙ্গে এত শ্রমিক হাসপাতালে ভর্তির খবর পেয়ে পুলিশ সদস্যরাও তথ্য সংগ্রহে ছুটে যান। এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিছুর রহমান বলেন, ‘যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের চিকিৎসায় কোনো ত্রুটি নেই। আমরা আশা রাখছি, তারা যথাযথ সেবা পেয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরবেন। তবে কয়েকজন একটু বেশি অসুস্থ, তাদের পুরোপুরি সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে।’
Go to News Site