Somoy TV
গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর সাদাদ আহমেদ (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীতে ডুবে যাওয়ার এ ঘটনা ঘটে। নিহত সাদাদ গাইবান্ধা শহরের এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। পড়াশোনার সুবাদে সে গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় তার খালার বাড়িতে বসবাস করত। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ৭ বন্ধুর সঙ্গে ঘাঘট নদীতে গোসল করতে নামে সাদাদ। এ সময় হঠাৎ নদীর তীব্র স্রোতের টানে সে পানির নিচে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে বিষয়টি স্থানীয়দের জানায়। আরও পড়ুন: গাইবান্ধায় সময়মতো মিলছে না মেডিকেল সনদ, মামলা নিষ্পত্তিতে বাড়ছে জটিলতা খবর পেয়ে বিকেলে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে নদী থেকে সাদাদের মরদেহ উদ্ধার করেন তারা। উদ্ধার অভিযানের বিষয়ে রংপুর ডুবুরি ইউনিটের টিম লিডার মো. আসাদুজ্জামান জানান, স্রোতের টানে তলিয়ে যাওয়ার পর ওই স্কুলছাত্রের মরদেহ নদীর গভীরে একটি গর্তে আটকে ছিল। যে কারণে তাকে খুঁজে পেতে সময় লেগেছে।
Go to News Site