Somoy TV
বসুন্ধরা কিংস ছেড়েছেন মাস ছয়েক হয়ে গেছে। তবে এবার নতুন ঠিকানা খুঁজে নিলেন বাংলাদেশ দলের রক্ষণভাগের অন্যতম ভরসার প্রতীক কাজী তারিক রায়হান। যোগ দিলেন ভুটানের ক্লাব পারো এফসিতে।গত বছরের অক্টোবরে বকেয়া বেতনের জটিলতায় বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক শেষ করেন তারিক। ২০২০ সাল থেকে ক্লাব ছাড়ার আগ পর্যন্ত ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর ইতোমধ্যে অনুশীলন শুরু করেছেন তিনি। পারো এফসি তাদের ফেসবুক পেজে তারিকের অনুশীলনের কিছু ছবি এবং চুক্তিপত্র হাতে তুলে দেওয়ার মুহূর্ত প্রকাশ করেছে। তবে চুক্তির শর্ত বা মেয়াদ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। আরও পড়ুন: অপরাজিত থেকেই ফেডারেশন কাপের নকআউটে ব্রাদার্স ইউনিয়ন সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা বার্তায় ক্লাবের বড় কিছু অর্জনের স্বপ্ন পূরণে তারিক অবদান রাখবেন, এই আশাবাদ জানানো হয়েছে। ‘অভিজ্ঞতা, শৃঙ্খলা ও নেতৃত্বের সমন্বয়ে গড়া এক ডিফেন্ডার-২০২৬ মৌসুমের জন্য আমাদের রক্ষণভাগে আন্তর্জাতিক মানের শক্তি যোগ করতে এসেছেন তারিক। শান্ত মেজাজ, বহুমুখী খেলার ক্ষমতা এবং নির্ভীক ডিফেন্ডিংয়ের জন্য পরিচিত তারিক এখানে এসেছেন দলের মান বাড়াতে, রক্ষণভাগকে শক্তিশালী করতে এবং পারো এফসি’র সমর্থকদের বড় কিছু অর্জনের স্বপ্ন দেখাতে।’ নতুন ক্লাবে যোগ দেওয়ার পর ইতোমধ্যে অনুশীলন শুরু করেছেন তারিক। ছবি: ফেসবুক ‘ভুটানে আসার আগে তারিক বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে নিজের নাম উজ্জ্বল করেছেন এবং অত্যন্ত গর্বের সাথে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। এবারের যাত্রা আরও বড়। লক্ষ্য এখন আরও উঁচুতে। আমাদের পরিবারে স্বাগতম তারিক।’ আরও পড়ুন: এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাড়ছে দল— ২৪ থেকে এবার ৩২ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট ফিনল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে প্রতিনিধিত্ব করা তারিক ২০২১ সালে বাংলাদেশের জাতীয় দলে যোগ দেন। লাল-সবুজের জার্সিতে খেললেও এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। তবে ক্লাব পর্যায়ে সফলতার অভাব নেই এই ডিফেন্ডারের। বসুন্ধরা কিংসের হয়ে তিনি তিনবার লিগ শিরোপা জিতেছেন, পাশাপাশি একটি ফেডারেশন কাপ ও দুটি স্বাধীনতা কাপও নিজের ঝুলিতে যোগ করেছেন।
Go to News Site