Somoy TV
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে সরকার।মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন এই চিকিৎসককে দেখতে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ ঘোষণা দেন।পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ডা. শংকর সরকারি দায়িত্ব পালন করতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন। আমরা এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে।’ আরও পড়ুন: ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রীমন্ত্রী আরও জানান, চিকিৎসার জন্য এ পর্যন্ত হওয়া ব্যয় এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সব খরচ সরকার বহন করবে। দেশের চিকিৎসায় সন্তোষজনক উন্নতি না হলে বা প্রয়োজন দেখা দিলে তাকে বিদেশে পাঠানোর ব্যাপারেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. শংকর। পটুয়াখালী ও বরিশালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর রাতেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডা. শংকর একজন অত্যন্ত দক্ষ কর্মকর্তা। আমাদের নিউরোসায়েন্স ইনস্টিটিউটের অভিজ্ঞ চিকিৎসকরা তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
Go to News Site